রাগের মাথায় ডিভোর্সের কথা বলেছিলাম: মাহিয়া মাহি

দেড় বছর আগে চিত্রনায়িকা মাহিয়া মাহি জানিয়েছিলেন, রাজনীতিবিদ স্বামী রাকিব সরকারের সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদ হয়ে গেছে। সেই ঘোষণার পর মাহিকে আর প্রকাশ্যে স্বামীর সঙ্গে দেখা যায়নি। দুজনই নিজেদের কাজে ব্যস্ত ছিলেন। কয়েক মাস ধরে মাহি যুক্তরাষ্ট্রে থাকলেও, রাকিব সরকারের বর্তমান অবস্থান কেউ জানে না। দেড় বছর পর মাহি স্পষ্ট করে বললেন, তাঁর ডিভোর্স হয়নি।

২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেছিলেন মাহিয়া মাহি। সেই বিয়ে ছিল ধুমধামপূর্ণ। অপুর সঙ্গে মাহির সংসার পাঁচ বছর স্থায়ী হয়। অপুর সঙ্গে বিচ্ছেদের পর ২০২১ সালে রাকিব সরকারকে বিয়ে করেন মাহি। দেড় বছর আগে মাহি গণমাধ্যমে জানিয়ে ছিলেন, রাকিব সরকারের সঙ্গেও তাঁর বিচ্ছেদ হয়ে গেছে।

গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মাহি তখন বলেছিলেন, “আমরা দুজনই চেষ্টা করেছি। যখন দেখেছি চেষ্টা করেও লাভ হচ্ছে না, তখন আসলে চেষ্টাটা ছেড়ে দিয়েছি। একসঙ্গে থেকে তিক্ত হওয়ার চেয়ে বন্ধুত্বটা থাকা ভালো। যেহেতু ও ফারিশের বাবা এবং এখনো ওর সঙ্গে আমার কথা হয় নিয়মিত, যোগাযোগ আছে। ফারিশকে নিয়ে কথা হয়, ফারিশের কী প্রয়োজন এবং ও খুব যত্নবান একজন মানুষ। ওর সঙ্গে আমার সম্পর্ক নেই, কিন্তু ও ফারিশের ব্যাপারে এতটা কেয়ারিং, আমার মনে হয় পৃথিবীতে এমন বাবা পাওয়াটা খুব টাফ।”

বিচ্ছেদের সময়ে মাহি রাকিবের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন। তিনি বলেছিলেন, “রাকিব মানুষটা অনেক ভালো, পরোপকারী। কিন্তু আমার প্যাটার্ন এবং ওর প্যাটার্ন আলাদা, দ্যাটস ইট।”

তবে এবার মাহি জানালেন, তাঁদের ডিভোর্স হয়নি। বিষয়টি নিয়ে প্রশ্নে তিনি বলেন, “আমি রাগের মাথায় ডিভোর্সের কথা বলেছিলাম। আসলে আমাদের ডিভোর্স হয়নি, নিয়মিত যোগাযোগ হচ্ছে।”

মাহি বর্তমানে যুক্তরাষ্ট্রে থাকলেও, রাকিব কোথায় আছেন তা কেউ জানেন না। অনেকে জিজ্ঞেস করেছেন, একসঙ্গে ফ্রেমবন্দী ছবি তুলেছেন কীভাবে। মাহি ব্যাখ্যা করেছেন, “ছবিটি আমরা ভারতে তুলেছিলাম, তখন প্রকাশ করা হয়নি। এখন উইকিপিডিয়ায় দেখা যাচ্ছে আমাদের ডিভোর্স হয়েছে, তাই ভুল–বোঝাবুঝি দূর করতে ছবিটি পোস্ট করেছি। আমাদের পাসপোর্টেও লেখা আছে ‘ম্যারিড’, স্বামীর নাম রকিব সরকার। আমরা ভালো আছি।”

দেড় বছরের ব্যবধানে ডিভোর্স নিয়ে মাহিয়া মাহির দুটি ভিন্ন বক্তব্য ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও বিনোদন অঙ্গনের ঘনিষ্ঠজনদের মধ্যে বিভ্রান্তি তৈরি করেছে। কেউ কেউ মনে করছেন, মাহি যুক্তরাষ্ট্রে বিশেষ কোটায় নাগরিকত্বের আবেদন করেছেন; তাই হয়তো এমন কৌশল নিয়েছেন।

এদিকে মাহিকে নিয়ে নতুন সিনেমার ঘোষণা দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। তারা জানিয়েছে, ‘অন্তর্যামী’ নামের ছবিতে মাহি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় শুরু করেছেন। উল্লেখ্য, ঢালিউডের আলোচিত এই চিত্রনায়িকা সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার সময় ঘোষণা করেছিলেন, এরপর আর সিনেমায় অভিনয় করবেন না।

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।