রাঙামাটিতে পানিবন্দী দুই হাজার পরিবার

রাঙামাটির কাপ্তাই হ্রদে পানি বাড়ায় পানিবন্দি হয়ে পড়েছে প্রায় দুই হাজার পরিবার। এতে এক ফুট করে খুলে দেওয়া হয়েছে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, হ্রদে পানি বাড়ার কারণে রাঙামাটি শহর, লংগদু, বাঘাইছড়ি, বরকল ও বিলাইছড়ির নিচু এলাকা ডুবে রয়েছে। এতে ভোগান্তিতে দিন কাটছে বাসিন্দাদের।

আজ মঙ্গলবার সকালে সরেজমিনে শহরের কুমড়াটিলা, লুম্বিনী, আসামবস্তি, নোয়াপাড়া, মুসলিম পাড়া, ব্রাহ্মণটিলাসহ শহরের বিভিন্ন স্থান ঘুরে দেখা হয়। এসব এলাকায় অনেক সড়ক পানিতে ডুবে রয়েছে। পানি ঢুকে পড়েছে অনেক বাসাবাড়িতে।

বাঘাইছড়ি উপজেলার ৩৭ নম্বর আমতলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মজিবুর রহমান বলেন, ‘কাপ্তাই হ্রদের পানি বাড়ার কারণে আমাদের ইউনিয়নের অবস্থা খুব খারাপ। গতকাল থেকে ৫ ও ৬ নম্বর ওয়ার্ড পুরো ডুবে রয়েছে। ৯ নম্বর ওয়ার্ডের কিছু অংশ ডুবে গেছে। তিনটি ওয়ার্ডে পানিবন্দি অন্তত তিন শ পরিবার।’

কাপ্তাই পানিবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসান বলেন, হ্রদের পানি বাড়ার কারণে গতকাল দুপুরে কাপ্তাই বাঁধের পানি ৬ ইঞ্চি করে ছাড়া হয়। তবে পানি বেড়ে যাওয়ায় পরে বাঁধ একফুট করে খোলা হয়েছে। প্রতি সেকেন্ডে ১৮ হাজার কিউসেক পানি কাপ্তাই লেক থেকে কর্ণফুলী নদীতে নিষ্কাশন হচ্ছে। আজ সকাল ৯টায় কাপ্তাই হ্রদে পানির উচ্চতা ১০৮ দশমিক ৮০ ফুট এমএসএল (মিনস সি লেভেল) ছিল বলে জানান তিনি।

খবরওয়ালা/এফএস
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।