নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: 9শে বৈশাখ ১৪৩২ | ২২ই এপ্রিল ২০২৫ | 1149 Dhu al-Hijjah 5
মহান মে দিবস উপলক্ষে রাজধানীতে বড় সমাবেশের আয়োজন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয় শ্রমিক দলের উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (২২ এপ্রিল) বিকালে গুলশানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
তিনি বলেন, ‘১ মে বেলা দুইটায় নয়াপল্টনে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেবেন।’
নজরুল ইসলাম খান আরও বলেন, সমাবেশে ঢাকার পাশাপাশি আশপাশের জেলাগুলোর নেতাকর্মীরাও অংশগ্রহণ করবেন। সরকারি ছুটি থাকায় বড় সমাবেশ হলেও মানুষের ভোগান্তি কম হবে বলে তিনি আশা প্রকাশ করেন। একইদিনে ঢাকার পাশাপাশি দেশের সব মহানগর ও জেলা শহরে স্থানীয় শ্রমিক দলের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হবে বলেও তিনি জানান।
সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, শ্রমিক দলের সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস, মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, যুবদলের সভাপতি এম মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, কৃষকদলের সভাপতি হাসান জাফির তুহিন, মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খান, জাসাসের হেলাল খান, শ্রমিক দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু প্রমুখ উপস্থিত ছিলেন।
এ ছাড়া, শ্রমিক সমাবেশ সফল করার লক্ষ্যে এর আগে গুলশান কার্যালয়ে যৌথ সভা অনুষ্ঠিত হয়, যেখানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন।
খবরওয়ালা/আরডি