রাজধানীতে স্টারলিংকের ইন্টারনেট পরীক্ষায় মিলল চমকপ্রদ গতি

আগামী ৭ এপ্রিল থেকে ঢাকায় শুরু হচ্ছে চার দিনব্যাপী বিনিয়োগ সম্মেলন। এ সম্মেলনের অংশ হিসেবে বাংলাদেশে স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা স্টারলিংকের পরীক্ষামূলক ব্যবহার শুরু হতে যাচ্ছে। এর মাধ্যমে উচ্চগতি ও নিরবচ্ছিন্ন ইন্টারনেট পরিষেবার নতুন অধ্যায়ে প্রবেশ করবে বাংলাদেশ।

তবে আনুষ্ঠানিক পরীক্ষার আগেই ঢাকার একটি হোটেলে স্টারলিংক ইন্টারনেটের গতি পরীক্ষা করা হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম এই পরীক্ষার ফলাফল তার ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করেছেন।

সোমবার (২৪ মার্চ) রাতে শফিকুল আলম তার ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য শেয়ার করেন।

তার পোস্টে দেওয়া ছবিটি বিশ্লেষণ করে দেখা গেছে, সেখানে ডাউনলোড গতি ২৩০ এমবিপিএস এবং আপলোড গতি ২০ এমবিপিএস। এই পরীক্ষায় ইন্টারনেটের ল্যাটেন্সি ছিল ৫০-৫৩ এমএস (মিলিসেকেন্ড)৷ গতি পরীক্ষার সময় স্টারলিংকের সার্ভার ছিল সিঙ্গাপুর ও হংকংয়ে। আর ক্লায়েন্ট লোকেশন দেখানো হয়েছে মালয়েশিয়ার কুয়ালালামপুর।

ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্সের মালিকানাধীন স্টারলিংক মূলত লো-আর্থ অরবিট (এলইও) স্যাটেলাইট ব্যবহার করে ইন্টারনেট সেবা দিয়ে থাকে। দুর্গম ও গ্রামীণ অঞ্চলে উচ্চগতির ইন্টারনেট পৌঁছে দিতে এটি বিশেষভাবে সক্ষম।

এর আগে, গত রবিবার (২৩ মার্চ) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এক সংবাদ সম্মেলনে বলেন, বিনিয়োগের জন্য যোগাযোগ খুবই গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে নিরবচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে স্টারলিংকের ইন্টারনেট সেবা পরীক্ষামূলকভাবে চালু হবে। আর ৯০দিন পর এটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে।

তিনি বলেন, ৭ এপ্রিল থেকে ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলন শুরু হবে। তবে সেই সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন হবে ৯ এপ্রিল। সকালে ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস। সেদিনই স্টারলিংকের ব্যবহার শুরু হবে।

এই ইন্টারনেট সেবা ব্যবহার করে ৯ তারিখ থেকে সম্মেলনের সবগুলো ইভেন্ট সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভ সম্প্রচার হবে। সম্মেলনে ৫০টিরও বেশি দেশ থেকে ৫৫০জন প্রতিনিধি অংশগ্রহণ করবেন। বাংলাদেশ থেকে ২ হাজার প্রতিনিধি থাকবেন।

খবরওয়ালা/জেআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।