খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
রাজধানী ঢাকায় তিনটি ভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার রাত থেকে আজ রবিবার সকাল পর্যন্ত এসব বিস্ফোরণ ঘটে। এতে একজন পথচারী আহত হয়েছেন। একই রাতেই দুর্বৃত্তরা একটি বাসে আগুনও ধরিয়ে দেয়।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম জানান, শনিবার গভীর রাতে হাজারীবাগের বেগম ফজিলাতুন্নেছা স্কুলের সামনে পার্কিং করা একটি বাসে আগুন দেওয়া হয়।
এর আগে শনিবার রাত ৮টা ২০ মিনিটে আগারগাঁওয়ে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ভবনের সামনে মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত সরে যায়।
শেরেবাংলা নগর থানার ওসি ইমাউল হক জানান, বিস্ফোরণের পর ওই এলাকায় অভিযান চালানো হয়েছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।
শনিবার রাত ১১টার দিকে বিমানবন্দর রেলস্টেশনের কাছে আরও একটি ককটেল বিস্ফোরণ ঘটে। তবে এতে কেউ আহত হয়নি বলে পুলিশ জানিয়েছে।
রমনা জোনের সহকারী কমিশনার মাজহারুল ইসলাম জানান, রবিবার সকাল ৮টার দিকে মগবাজারের নিউ ইস্কাটনে একটি ককটেল নিক্ষেপ করা হয়। ধারণা করা হচ্ছে, ফ্লাইওভার থেকে এটি ছোড়া হয়েছে। এতে আব্দুর বাসির নামে একজন আহত হয়েছেন।
খবরওয়ালা/এসএস