‘রাজাকার’ শব্দটি এখন অ্যাওয়ার্ড হয়ে গেছে: আজহারী

খবরওয়ালা মফস্বল ডেস্ক:  জনপ্রিয় ইসলামী স্কলার ও গবেষক ড. মিজানুর রহমান আজহারী বলেছেন, আমাদেরকে মৌলবাদী আর রাজাকার বলে গালি দেওয়া হয়। ‘রাজাকার’ ‘রাজাকার’ বলে গালি দেওয়ার দিন শেষ। কী দিন আসলো, আল্লাহ আমাদের দেখাইছে। রাজাকার শব্দটা এখন একটা অ্যাওয়ার্ড হয়ে গেছে। পরিস্থিতি পাল্টে দিতে আল্লাহর সময় লাগে না।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে ময়মনসিংহ নগরীর ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠে স্থানীয় জামায়াতে ইসলামীর সামাজিক সংগঠন আল ইসলাম ট্রাস্ট আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলে তিনি এসব কথা বলেন।

মিজানুর রহমান আজহারী বলেন, ‘আমাদেরকে বলে মৌলবাদী। আমরা আসল কথা বলি, ভালো কথা বলি, দেশ প্রেমের কথা বলি, জনগণের কথা বলি, আমরা মা-মাটির কথা বলি, ইসলামের কথা বলি, দেশের সমৃদ্ধির কথা বলি। এজন্য আমাদেরকে বলে মৌলবাদ। আবার আমাদের বলে ধর্ম ব্যবসায়ী। আমরা ধর্মের কথা প্রচার করি, যেটা দেশের জন্য, জনগণের জন্য ভালো। যারা ইসলামের কথা বলে, কোরআনের কথা বলে তারা ধর্মব্যবসায়ী নয়। খবরদার আলেমদের বিরুদ্ধে দাঁড়াবেন না, নিজেকে ইসলামের বিরুদ্ধে দাঁড় করাবেন না। এ দেশের আসল পরিচয় ইসলাম।’

তিনি আরও বলেন, ‘ধৈর্য এমন এক গাছ, এই গাছের চারদিকে কাঁটা কিন্তু এই গাছের ফল সুমিষ্ট। আপনারা ১৬ বছর ধৈর্য ধরেছেন, ফল দিয়েছে আল্লাহ। বিপদ আসবে, জুলুম আসবে। ধৈর্য ধারণ করবেন, ফলাফল পেয়ে যাবেন।’

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার শতবর্ষী আলেম হাফেজ মাওলানা মো. নূরুল ইসলামের সভাপতিত্বে তাফসিরুল কোরআন মাহফিলে আমন্ত্রিত মুফাসসির হিসাবে আরও বক্তব্য দেন এটিএন বাংলার আলোচক শাহ ওয়ালী উল্লাহ, বাংলাদেশ বেতার ও টেলিভিশনের ইসলামী আলোচক খতিব মুহাম্মদ জামাল উদ্দিন ও কুমিল্লার মাওলানা মনিরুল ইসলাম মজুমদার।

এ ছাড়া শুভেচ্ছা বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মতিউর রহমান আকন্দ, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ জাকির হোসেন বাবলু, মহানগর বিএনপির যুগ্ম মহাসচিব অধ্যাপক শেখ আমজাদ আলী, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন, জামায়াত নেতা আসাদুজ্জামান সোহেল, মাওলানা মোজাম্মেল হক, নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় নেতা হাফেজ মাওলানা আবু তাহের খান প্রমুখ।

এর আগে নগরীর ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠে তাফসিরুল কোরআনের মঞ্চে ড. মিজানুর রহমান আজহারী উপস্থিত হলে তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন আয়োজক সংগঠন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জামায়াতে ইসলামী। পরে বিএনপির পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানান বিএনপি নেতারা। এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্সের সঙ্গে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।