রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক, গুরুত্ব পাচ্ছে যেসব বিষয়

সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট এবং দলীয় কৌশল নির্ধারণে আজ সোমবার (১৯ মে) রাতে বৈঠকে বসছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি। গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে রাত সাড়ে ৮টায় এই বৈঠক অনুষ্ঠিত হবে।

দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করবেন বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল করিম খান।

বৈঠকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়া পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি এবং জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণার সম্ভাব্য প্রেক্ষাপট নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন দলের একটি নির্ভরযোগ্য সূত্র।

এ ছাড়া, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে ইশরাক হোসেনের দায়িত্ব গ্রহণ নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে, তা নিরসনে দলীয় অবস্থান ঠিক করতে বৈঠকে আলোচনা হবে।

বৈঠকের আলোচ্যসূচিতে আরও রয়েছে—ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের তদন্তে ‘গাফিলতি’ এবং প্রকৃত খুনিদের গ্রেপ্তারের অগ্রগতি, ভারত সরকারের নতুন আমদানি বিধিনিষেধ এবং বাংলাদেশ সীমান্তে বিএসএফের ‘পুশ-ইন’ প্রসঙ্গ।

দলের সূত্র আরও জানায়, গত দুই সপ্তাহে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মাধ্যমে বাংলাদেশে প্রায় ৩৫০ জনকে ‘পুশ-ইন’ করা হয়েছে বলে অভিযোগ রয়েছে, যা নিয়েও বৈঠকে বিস্তারিত আলোচনা হতে পারে।

এছাড়া, সারা দেশে দলের উদ্যোগে অনুষ্ঠিত ‘তারুণ্যের সমাবেশ’ এবং এর রাজনৈতিক প্রভাব পর্যালোচনাও বৈঠকের আলোচ্য বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে।

নিয়মিতভাবে সমসাময়িক জাতীয় ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে পর্যালোচনা থাকলেও এবার বৈঠকে রাজনৈতিক সংকট উত্তরণের উপায় ও আগামী জাতীয় নির্বাচনের কৌশল নির্ধারণে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

 

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।