রাবিতে বিজয় ফিস্টের খাবারে অসুস্থ ৮৩ শিক্ষার্থী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলে আয়োজিত বিজয় ফিস্টের খাবার খেয়ে অন্তত ৮৩ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। এ ঘটনায় হল প্রশাসন দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।

মঙ্গলবার (৫ আগস্ট) সন্ধ্যার পর বিজয়-২৪ হলের খাবার খাওয়ার পর শিক্ষার্থীরা পেটব্যথা, গ্যাস্ট্রিক ও ফুড পয়জনিংয়ের উপসর্গে ভোগেন।

বিষয়টি নিশ্চিত করে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক জামিরুল ইসলাম বলেন, ‘বিজয় ফিস্টের খাবার খেয়ে হলের ৮৩ জন শিক্ষার্থী অসুস্থ হয়েছেন। কারো গ্যাস্টিক, আবার কারো ফুড পয়জনিংয়ের সমস্যা হয়েছে। তবে সবাই আশঙ্কামুক্ত। সবাইকে খাবার স্যালাইন দেওয়া হয়েছে। এ ছাড়া ঘটনা তদন্তে দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গতকাল ৫ আগস্ট চব্বিশের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আবাসিক হলগুলোতে বিজয় ফিস্টের আয়োজন করা হয়। এই উপলক্ষে আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীরা ৫০ টাকা ফি দিয়ে টোকেন সংগ্রহ করে খাবার গ্রহণ করেন। তবে খাবারের মান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশকিছু শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করেন।

বিজয়-২৪ হলের ১৩২ নম্বর কক্ষের আবাসিক শিক্ষার্থী সাগর আহসান বলেন, ‘খাবার খাওয়ার পর পেটে ব্যথা অনুভব করি। রাতেও খাবার খেতে পারিনি। পরে সকালে মেডিক্যালে গিয়ে চিকিৎসা নিয়েছি।’

হলের ৪২১ নম্বর কক্ষের আরেক শিক্ষার্থী অর্পণ ধর বলেন, ‘আমাদের কক্ষের আমিসহ তিনজনই বিজয় ফিস্টের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছি। এখন পর্যন্ত ৫-৬ বার টয়লেটে গিয়েছি। সকালে গিয়ে বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টার থেকে ওষুধ নিয়ে এসেছি।’

বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রের প্রধান চিকিৎসক মাফরুহা সিদ্দিকা লিপি জানান, ‘আজকে আমি ডিউটিতে ছিলাম না। দায়িত্বরত তিনজন চিকিৎসক আজকে রোগী দেখেছেন। তাদের সঙ্গে কথা হয়েছে। পেটের সমস্যার কারণে আনুমানিক ১৫ জন শিক্ষার্থী চিকিৎসা নিয়েছেন।’

অসুস্থ শিক্ষার্থীদের মধ্যে অনেকেই বর্তমানে বিশ্রামে আছেন। প্রশাসনের পক্ষ থেকে খাবারের স্যালাইন ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।

 

খবরওয়ালা/এসআই

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।