রাবি ছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগে বহিরাগত দুইজন পুলিশে সোপর্দ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক ছাত্রীকে উত্ত্যক্ত ও বিনা অনুমতিতে ভিডিও ধারণের অভিযোগে দুই বহিরাগতকে পুলিশে সোপর্দ করা হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা চত্বরসংলগ্ন রাস্তায় এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন—বরেন্দ্র কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী নাজমুস সাকিব এবং শাহ মখ্দুম কলেজের একই বর্ষের শিক্ষার্থী সিয়াম আল হাসান।

ভুক্তভোগী ছাত্রী ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তর সূত্রে জানা যায়, সন্ধ্যায় ওই ছাত্রী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক পার হয়ে শহীদ শামসুজ্জোহা চত্বরের দিকে এগোচ্ছিলেন। এ সময় তিনটি মোটরসাইকেল তাকে অনুসরণ করতে থাকে। এতে ভয় পেয়ে ছাত্রীটি চিৎকার করেন।

পরে মোটরসাইকেলে থাকা কয়েকজন শিক্ষার্থী তাকে জানান, পেছন থেকে দুই তরুণ তার ভিডিও করছিল। তাৎক্ষণিকভাবে উপস্থিত শিক্ষার্থীরা ভিডিও ধারণকারীদের আটক করে প্রক্টর দপ্তরে নিয়ে যান। সেখানে প্রক্টরিয়াল বডির সদস্যরা ভুক্তভোগী, মোটরসাইকেল আরোহী এবং অভিযুক্তদের সঙ্গে কথা বলে বিস্তারিত জানেন।

পরে মোটরসাইকেল আরোহীদের ক্যাম্পাসে প্রবেশ না করার শর্তে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। আর ভিডিও ধারণের অভিযোগে অভিযুক্ত দুজনকে মতিহার থানা পুলিশে সোপর্দ করা হয়।

ঘটনা প্রসঙ্গে ভুক্তভোগী ছাত্রী বলেন, “বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে আমি নিজের বাড়ি মনে করি। কিন্তু বৃহস্পতিবার বিকেলে হাঁটার সময় দুই ছেলে পেছন থেকে আমার ভিডিও করে। এতে আমি খুবই বিব্রত হয়ে পড়ি এবং চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসে।”

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, “ছাত্রীকে উত্ত্যক্তের ঘটনায় তিনজনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। ভিডিও ধারণের অভিযোগে দুজনকে পুলিশে সোপর্দ করা হয়েছে। ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে ফটকগুলোতে পুলিশি টহল বাড়ানো হয়েছে।”

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে দুইজনকে আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। তারা বর্তমানে থানায় রয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।”

খবরওয়ালা/জেআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।