রিকশাচালককে জুতাপেটা করে বরখাস্ত সেই সমাজসেবা কর্মকর্তাকে ক্ষমা

বরিশাল থেকে বরখাস্ত হওয়া সমাজসেবা কর্মকর্তা জাহিদ হাসান রাসেল নিজেকে শুধরে নেওয়ায় ক্ষমা পেয়ে সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি বরখাস্ত থাকার সময় কর্মকাল হিসেবে গণ্য করে তাকে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে।

রোববার (২৭ জুলাই) সমাজসেবা অধিদপ্তরের উপসচিব মোহাম্মদ আবদুল হামিদ মিয়ার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়। আজ বুধবার তাকে দুপচাঁচিয়ায় যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

জানা যায়, তিনি রাজশাহীর পবা উপজেলা সমাজসেবা কর্মকর্তা হিসেবে কর্মরত অবস্থায় গত ২ ফেব্রুয়ারি এক রিকশাচালককে ভাড়া কম দেওয়ার অভিযোগ নিয়ে পেটান। রিকশাচালক তাঁকে ‘লাট সাহেব’ বলে সম্বোধন করলে ক্ষিপ্ত হয়ে জুতাপেটা শুরু করেন। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে লাঠি নিয়ে ওই রিকশাচালককে পুনরায় মারতে থাকেন তিনি।

সংবাদ প্রকাশের পর ৩ ফেব্রুয়ারি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রশাসন শাখার প্রজ্ঞাপনে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। তদন্তের জন্য সমাজসেবা অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক শহীদুল ইসলাম দায়িত্ব পেয়ে প্রতিবেদন দাখিল করেন।

প্রতিবেদনের ভিত্তিতে ২২ জুলাই তার সাময়িক বরখাস্ত প্রত্যাহার করা হয়। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মো. মহিউদ্দিনের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, জাহিদ হাসান ঘটনার জন্য অনুতপ্ত এবং ক্ষমা চেয়েছেন। তিনি লিখিত অঙ্গীকারনামায় ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না বলেও উল্লেখ করেছেন।

তদন্তে উঠে এসেছে, জাহিদ হাসান পবা উপজেলার সময় নানা বিতর্ক ও দুর্ব্যবহারে অতিষ্ঠ ছিলেন সহকর্মীরা। গত বছরের ৩১ মার্চ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিমুল বিল্লাহ সুলতানা ইউএনওর কাছে তাঁর বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছিলেন। এছাড়া ২০২৩ সালের মে মাসে পবা উপজেলা সহকারী সমাজসেবা কর্মকর্তা শারমিন আফরোজও তার বিরুদ্ধে অভিযোগ করলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

জাহিদের গ্রামের বাড়ি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার শরীফবাড়ী গ্রামে। তিনি ফাতেমা ফাউন্ডেশন নামের একটি সংগঠন করেন। নওহাটা পৌরসভা থেকে সরকারি ডাস্টবিন নিয়ে যাওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

পৌরসভার ডাস্টবিন বিতরণ কমিটির সভাপতির দায়িত্ব পালনকালে তিনি ‘বিচারক’ লেখা প্রাইভেট কারে অফিস যাতায়াত করতেন এবং অফিস সহকারী সোহাগ আলীকে গাড়ি পাহারা দেওয়াতেন।

জাহিদ হাসান বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় যোগ দিয়েছেন কি না, তা জানতে তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন কেটে দেন।

রাজশাহী বিভাগীয় সমাজসেবা অধিদপ্তরের পরিচালক সৈয়দ মোস্তাক হাসান জানান, বরখাস্ত প্রত্যাহারের বিষয়টি তাঁর জানা আছে, তবে দুপচাঁচিয়ায় যোগদানের বিষয়ে অবগত নন।

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।