রিজওয়ানের সেঞ্চুরি ছাপিয়ে নায়ক ভিন্স

পার্শ্ব চরিত্র আছেন বেশ কয়েকজন। তবে রান উৎসবের ম‍্যাচে সবচেয়ে বড় পার্থক‍্য গড়ে দিয়েছে দুই দলের দুই সেঞ্চুরিয়ানের ব‍্যাটিং। সেখানে মোহাম্মদ রিজওয়ানকে ছাপিয়ে নায়ক জেমস ভিন্স। 

শনিবার (১২ এপ্রিল) করাচির ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে রিজওয়ানের সেঞ্চুরিতে ৩ উইকেটে ২৩৪ রান করে মুলতান। জবাবে জেমস ভিন্সের ঝোড়ো সেঞ্চুরিতে ৪ বল আর ৪ উইকেট হাতে রেখে বিশাল লক্ষ্য টপকে যায় করাচি।

পিএসএলে এই প্রথম দুইশ ছাড়ানো লক্ষ‍্য তাড়া করতে পারল করাচি। এর আগে সর্বোচ্চ ১৯৬ রানের লক্ষ‍্য তাড়া করে জিতেছিল তারা, ২০২১ সালে। সেটাও এসেছিল মুলতানের বিপক্ষেই।

পাকিস্তানের এই টি-টোয়েন্টি প্রতিযোগিতায় করাচির চেয়ে বড় রান তাড়া করে জয় আছে দুটি। ২০২৩ সালের মার্চে তিন দিনের মধ‍্যে দুটি ২৪০ ছোঁয়া সংগ্রহ গড়ে হেরেছিল পেশাওয়ার জালমি।

৮ মার্চ ২৪০ রান তাড়া করে ৮ উইকেটে জিতেছিল কুয়েটা গ্ল‍্যাডিয়ের্টস। আর ১০ মার্চ ২৪২ রান তাড়া করে জেতে মুলতান।
করাচি ন‍্যাশনাল স্টেডিয়ামে টস হেরে ব‍্যাট করতে নেমে ৩ উইকেটে ২৩৪ রান করে মুলতান।

ওপেনিংয়ে নেমে পাঁচ ছক্কা ও নয় চারে ৬৩ বলে অপরাজিত ১০৫ রানের ইনিংস খেলেন রিজওয়ান।

থমকে থাকা রানের গতিতে দম দেন কামরান গুলাম। ১৯ বলে খেলেন ৩৬ রানের ঝড়ো ইনিংস। শেষে তাণ্ডব চালান মাইকেল ব্রেসওয়েল। ১৭ বলে খেলেন অপরাজিত ৪৪ রানের বিস্ফোরক ইনিংস।

পঞ্চাশ ছোঁয়ার পর রানের গতি বাড়ান রিজওয়ান। তাতে শেষের দিকে রান আসে বানের জোয়ারের মতো।

রান তাড়ায় তিন চারে ১২ রান করেই থেমে যান ডেভিড ওয়ার্নার। ১৬ বলে ৩২ রানের ঝড়ো ইনিংস খেলেন টিম সাইফার্ট।

তবে দলকে এগিয়ে নেওয়ার মূল কাজটা করেন ভিন্স। শুরু থেকে আগ্রাসী ব‍্যাটিংয়ে সচল রাখেন রানের চাকা। পরে দারুণ সঙ্গ পান খুশদিল শাহর। তাদের ১৪২ রানের জুটিতেই ম‍্যাচ জয়ের দুয়ারে পৌঁছে যায় করাচি।

চারটি ছক্কা ও ১৪ চারে ৪৩ বলে ১০১ রানের টর্নেডো ইনিংস খেলেন ভিন্স। ৩৭ বলে চার ছক্কা ও পাঁচ চারে খুশদিল করেন ৬০ রান।

৩ রানের মধ‍্যে এই দুই ব‍্যাটসম‍্যান ফিরে গেলেও জয় পেতে কোনো সমস‍্যা হয়নি করাচির।

খবরওয়ালা/এসআর

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।