খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩১ই জুলাই ২০২৫, ১:২৫ পিএম
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা আবদুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে তদন্তে নেমে তার আরও একটি গোপন আস্তানার খোঁজ পেয়েছে পুলিশ। রাজধানীর বাড্ডা এলাকায় থাকা ওই বাসা থেকে উদ্ধার করা হয়েছে নগদ ২ লাখ ৯৮ হাজার টাকা।
এ নিয়ে পুলিশ বলছে, রিয়াদ ও তার সহযোগীরা রাজধানীর বিভিন্ন এলাকায় কীভাবে চাঁদাবাজি চালাতেন, কারা এই চক্রের সদস্য—তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের এক কর্মকর্তা বলেন, “আমরা রিয়াদের চাঁদাবাজির অন্য কার্যক্রম নিয়েও অনুসন্ধান চালাচ্ছি।”
এর আগে সোমবার রাতে রিয়াদের নাখালপাড়ার বাসায় অভিযান চালিয়ে পুলিশ উদ্ধার করে বিপুল অঙ্কের চেক—যার পরিমাণ ২ কোটি ২৫ লাখ টাকা।
উল্লেখ্য, সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের গুলশানের বাসায় গিয়ে সমন্বয়ক পরিচয় দিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন পাঁচ যুবক। ওই সময় শাম্মী আহমেদ বাসায় না থাকায় তারা তার স্বামীর কাছে চাঁদা দাবি করেন এবং কয়েকদিন পর গিয়ে ১০ লাখ টাকা আদায় করে নিয়ে আসেন।
পরবর্তীতে আবারও স্বর্ণালঙ্কার নিতে গেলে বাড়ির লোকজন পুলিশে খবর দেয় এবং সমন্বয়ক পরিচয় দেওয়া রিয়াদসহ পাঁচজনকে পুলিশ আটক করে। পরে শাম্মী আহমেদের স্বামী সিদ্দিক আবু জাফর গুলশান থানায় ৬ জনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা করেন। মামলায় পুলিশ আসামিদের ১০ দিনের রিমান্ড চাইলেও আদালত ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
পুলিশ এখন রিয়াদ ও তার চক্রের আর্থিক লেনদেন ও সম্ভাব্য রাজনৈতিক যোগাযোগসহ চাঁদাবাজির পুরো নেটওয়ার্ক শনাক্তে তদন্ত জোরদার করেছে।
খবরওয়ালা/এমএজেড
মন্তব্য