খবরওয়ালা বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৭ মে ২০২৫
সেলিব্রিটি ক্রিকেট চ্যাম্পিয়নস ট্রফি–২০২৫-এ অশ্লীলতা ছড়ানোর অভিযোগ তুলে ৬ জন মডেল ও অভিনেত্রী এবং ৩ নির্মাতার বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. জাকির হোসেন। এ ঘটনায় আইনজীবীর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন মডেল- অভিনেত্রী মারিয়া মিম।
লিগ্যাল সাপোর্ট ‘ল’ ফার্মের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট জাকির হোসেনের লিগ্যাল নোটিশে উল্লিখিত সেলিব্রেটিরা হলেন, নির্মাতা প্রবীন রহমান চৌধুরী, নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম, নির্মাতা তানিম রহমান অংশু, মডেল-অভিনেত্রী মারিয়া মিম, অভিনেত্রী সিনথিয়া ইয়াসমিন, অভিনেত্রী কেয়া পায়েল, অভিনেত্রী মারুফা আক্তার জামান, মডেল শাম্মি ইসলাম নীলা এবং মডেল আলিশা।
এই অভিযোগকে ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে ক্ষোভ প্রকাশ করেছেন মডেল-অভিনেত্রী মারিয়া মিম। পাল্টা অভিযোগ করে তিনি জানান, ওই আইনজীবী ভাইরাল হতেই এমন কাজ করেছেন। তাই তার বিরুদ্ধে মানহানির মামলা করবেন মিম।
মারিয়া মিম বলেন, আমাদের কোনো দোষ নাই। মামলা করলে গণমাধ্যমের বিরুদ্ধে করুন। আমাদের বিরুদ্ধে কেন?
তিনি আরও বলেন, যখন মাঠে যাচ্ছি, তখন কিন্তু জার্সি পরেই যাচ্ছি। কিন্তু ব্যক্তিগত জীবনে, খেলা প্র্যাকটিসের সময় কোথায় কী পরবো সেটা একান্তই আমাদের পছন্দ। এখানে অশ্লীলতা ছড়ানোর কি আছে? তাছাড়া যারা মোবাইলে ভিডিও ধারণ করে সেটি অন্তর্জালে ছড়িয়েছে তাদের আইনের আওতায় না এনে আমাদের বিরুদ্ধে কেন আইনি নোটিশ পাঠানো হলো?
আইনজীবী জাকির হোসেনের বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে মিম বলেন, ‘সেই আইনজীবী যা করেছে, এতে আমার মানহানি হয়েছে। তাই তার বিরুদ্ধে মানহানির মামলা দিব। বিশেষ করে তার কর্মকাণ্ডের পর পুরোনো ক্লিপগুলো নতুন করে ভাইরাল হয়েছে। এতে করে আমার মানহানি হয়েছে।’
তিনি আরও যোগ করেন, ‘অবশ্যই আমি মানহানির মামলা করব। কারণ অশ্লীলতা বলে যে ভিডিওগুলো ছড়িয়েছে সেগুলো ম্যাচ শুরুর আগে ওয়ার্ম আপ মুহূর্ত। যেগুলো কেউ মোবাইলে ধারণ করে ছড়িয়েছে। কিন্তু আইনজীবী যেভাবে কথাগুলো বলেছে সেভাবে আমার মানহানি হয়েছে।’
সবশেষে মিম দাবি করেন, , ‘সে ভাইরাল হওয়ার জন্যেই আসছে। কারণ খেলা শেষে সে এই বিষয়গুলো সামনে নিয়ে আসছে। আমার মনে হয়, তার আসলে কাজ নেই। সে কারণেই এমনটা করেছে।’
এই ঘটনায় বিনোদন অঙ্গন থেকে শুরু করে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।
খবরওয়ালা/এসআর