লেবাননের হারে ভর করে ইতিহাস গড়লো বাঘীনিরা

দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৬-১ গোলের বড় হার সত্ত্বেও সমীকরণে ভর করে ইতিহাস গড়লো বাংলাদেশ নারী অনূর্ধ্ব-২০ ফুটবল দল। সেরা তিন রানার্সআপের একটি হয়ে থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য ২০২৬ এএফসি নারী অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপে জায়গা করে নিয়েছে লাল–সবুজের মেয়েরা।

রবিবার (১০ আগস্ট) ‘ই’ গ্রুপে চীন ৮-০ গোলে লেবাননকে হারানোয় নিশ্চিত হয় বাংলাদেশের মূল পর্বে ওঠা। দিনের অন্যান্য ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করছিল আফঈদা খন্দকারদের ভাগ্য, আর চীনের জয়ই এনে দেয় কাঙ্ক্ষিত হাসি।

এর আগে ‘এইচ’ গ্রুপে বাংলাদেশ প্রথম ম্যাচে স্বাগতিক লাওসকে ৩-১ গোলে এবং দ্বিতীয় ম্যাচে পূর্ব তিমুরকে ৮-০ গোলে হারায়। শেষ ম্যাচে শক্তিশালী দক্ষিণ কোরিয়ার কাছে ৬-১ গোলে হেরে রানার্সআপ হয় বাংলাদেশ। গ্রুপ থেকে দক্ষিণ কোরিয়া ও বাংলাদেশই জায়গা করে নেয় চূড়ান্ত পর্বে।

গত মাসে সিনিয়র নারী জাতীয় দল মিয়ানমারকে হারিয়ে প্রথমবারের মতো এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করেছিল। মাত্র ৩৮ দিনের ব্যবধানে এবার অনূর্ধ্ব-২০ দলও লিখলো নতুন ইতিহাস। মার্চে অস্ট্রেলিয়ায় হবে জাতীয় দলের এশিয়ান কাপ, আর অনূর্ধ্ব-২০ দলের টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে আগামী ১ থেকে ১৮ এপ্রিল থাইল্যান্ডে।

১২ দলের এ প্রতিযোগিতা থেকে চার সেমিফাইনালিস্ট সরাসরি খেলবে ২০২৫ সালের ৫ থেকে ২৭ সেপ্টেম্বর পোল্যান্ডে অনুষ্ঠিতব্য নারী অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে। জাতীয় দলের মতোই এখন ইয়ুথ দলের সামনেও বিশ্বকাপের হাতছানি।

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।