সিলেটের বিভিন্ন এলাকায় শনিবার (২০ সেপ্টেম্বর) পাঁচ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিকল্প সোর্স লাইন নির্মাণকাজের কারণে বিদ্যুৎ সাময়িকভাবে বন্ধ রাখা হবে।
এই তথ্য নিশ্চিত করেছেন সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই আরেফিন।
সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সিলেটের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের আওতায় ৩৩/১১ কেভি শেখঘাট উপকেন্দ্রের বিকল্প সোর্স লাইন নির্মাণকাজের জন্য শেখঘাট সোর্স লাইনের আওতাধীন এলাকায় শনিবার সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পাঁচ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এ সময় নবাব রোড ফিডারের আওতাধীন নবাব রোড, সৌরভ আবাসিক এলাকা, মনিপুরী বস্তি, সাগরদিঘীর পাড়, বর্ণমালা পয়েন্ট, ডিজিএফআই অফিস, মীরের ময়দান, কেওয়াপাড়া, প্রেস ক্লাব, সুরমা আবাসিক এলাকা ও মৎস্য অফিস, অর্ণব, পায়রা আবাসিক এলাকা (আংশিক) এবং তদসংলগ্ন এলাকাগুলোয় সোর্স লাইন নির্মাণের কাজ চলবে। এর ফলে এসব এলাকায় উল্লেখিত সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
নির্মাণকাজ শেষ হয়ে গেলে নির্ধারিত সময়ের আগেও বিদ্যুৎ সরবরাহ চালু করা হতে পারে বলেও জানানো হয়েছে।
খবরওয়ালা/শরিফ



