খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
বাংলাদেশ দলের পেস বোলিং কোচ শন টেইট আজ সংবাদ সম্মেলনে দলের পক্ষে বক্তব্য রাখেন। তবে একাধিক প্রশ্নে জাতীয় দলের নির্বাচনের বিষয়টি এড়িয়ে গিয়ে তিনি বলেন, “আমি নির্বাচক নই। যারা দল ঠিক করে, তাদের কাছে এই প্রশ্ন করুন।”
আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ এখন সমান—১-১। মঙ্গলবার চট্টগ্রামে সিরিজ নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে দুই দল। এটি ফেব্রুয়ারির টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশের শেষ দ্বিপাক্ষিক ম্যাচ।
বিশ্বকাপের জন্য দল কম্বিনেশন ঠিক করা ও বিকল্প খেলোয়াড় যাচাই করার শেষ সুযোগ ছিল এই সিরিজ। প্রথম দুই ম্যাচে শামীম হোসেন বাদ দিয়ে স্কোয়াডে নেওয়া হয়েছিল মাহিদুলকে। কিন্তু একাদশে সুযোগ পাননি। তৃতীয় ম্যাচে শামীমকে একাদশে রাখা হয়েছে, কিন্তু মাহিদুল এখনও স্কোয়াডে আছেন।
টেইট বলেন, “আমার কাজ হলো পেসারদের প্রস্তুতি দেখা। দল বাছাইয়ে আমি যুক্ত নই। তবে খেলোয়াড়দের প্রস্তুত রাখা আমার দায়িত্ব।”
বাংলাদেশি ক্রিকেটারদের পরবর্তী ব্যস্ততা হবে বিপিএল। ডিসেম্বরের শেষ সপ্তাহে শুরু হওয়া এই টুর্নামেন্টটি টি-টোয়েন্টি বিশ্বকাপের ঠিক আগে শেষ হবে। টেইট মনে করেন, বিপিএল ও প্রস্তুতি ম্যাচ মিলিয়ে বিশ্বকাপের জন্য দল যথেষ্ট প্রস্তুত হবে।
চোটের বিষয়েও তিনি স্পষ্ট, “চোট যেকোনো সময়, যেকোনো জায়গায় হতে পারে। এটি আমার নিয়ন্ত্রণের বাইরে। তবে খেলোয়াড়রা বিশ্বকাপের আগে মূল্যবান ম্যাচ অভিজ্ঞতা পাবেন। আমি পেসারদের প্রস্তুতির দায়িত্বে আছি, বাকি বিষয় আমার নিয়ন্ত্রণে নেই।”
খবরওয়ালা/এসজে