হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১ কেজি ৫৭৭ গ্রাম সোনাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
উদ্ধারকৃত সোনার বাজারমূল্য প্রায় এক কোটি ৯২ লাখ ৩৯ হাজার টাকা।
আটককৃতরা হলেন শরীফুল আলম (৩০) ও জুবায়ের (৩৬)। শনিবার (১৯ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে তারা আগমনী টার্মিনালের ক্যানোপি এলাকায় পুলিশের উপস্থিতি টের পেয়ে একটি প্রাইভেটকারে পালানোর চেষ্টা করলে এপিবিএন সদস্যরা তাদের আটক করে।
পরে গাড়িতে তল্লাশি চালিয়ে টুলবক্সে লুকানো অবস্থায় ১৩টি ছোট ব্যাগের ভেতর থেকে ২২ ক্যারেটের সোনা উদ্ধার করা হয়।
এপিবিএনের পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক জানান, তারা দীর্ঘদিন ধরে সোনা চোরাচালান সিন্ডিকেটের সঙ্গে জড়িত এবং রিসিভার হিসেবে কাজ করছিলেন। সোনাগুলো অজ্ঞাতনামা যাত্রীর মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে আনা হয়েছে বলে জিজ্ঞাসাবাদে জানা যায়। এ ঘটনায় বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
খবরওয়ালা/আশ



