খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১ আগস্ট ২০২৫
রাজধানীর শাহবাগ মোড় অবরোধকারী ‘জুলাই যোদ্ধাদের’ ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। শনিবার (১ আগস্ট) সন্ধ্যায় পুলিশ সদস্যরা তাদের শাহবাগ মোড় থেকে সরিয়ে দেন এবং মঞ্চটিও অপসারণ করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল সাড়ে ১০টা থেকে ‘জুলাই যোদ্ধা সংসদ’ নামে একটি প্ল্যাটফর্ম শাহবাগ মোড় অবরোধ করে। জুলাই সনদ বাস্তবায়ন, জুলাই ঘোষণাপত্র এবং দ্রুত স্থায়ী বিধানে যুক্ত করার দাবিতে অবরোধ চলাকালে তারা ‘জুলাই নিয়ে টালবাহানা, চলবে না চলবে না’, ‘জুলাই সনদ দিতে হবে, দিতে হবে’সহ নানা স্লোগান দেয়। এতে শাহবাগ মোড় ও আশপাশের সব সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়।
শুক্রবার বিকেলে জুলাই যোদ্ধাদের আরেকটি পক্ষ অবরোধের বিরোধিতা করলে তাদের মধ্যে বাক-বিতণ্ডা শুরু হয়। পরে সংঘাত এড়াতে পুলিশ উভয়পক্ষকে শাহবাগ মোড় থেকে সরিয়ে দেয়।
আন্দোলকারীদের দাবিগুলোর মধ্যে রয়েছে—জুলাই শহীদ ও জুলাই যোদ্ধাদের স্বীকৃতি; শহীদ পরিবার ও আহতদের আজীবন সম্মান; চিকিৎসা, শিক্ষা ও কল্যাণের পূর্ণ নিশ্চয়তা প্রদান; শহীদ পরিবার ও আহতদের প্রতি দায়িত্ব গ্রহণ; আহতদের চিকিৎসা, পুনর্বাসন, কর্মসংস্থান ও কল্যাণমূলক ব্যয় রাষ্ট্রকে বহন; আহত ও শহীদ পরিবারের জন্য আজীবন সম্মানজনক ভাতা নিশ্চিতকরণ; শহীদ পরিবার ও আহতদের জন্য বিশেষ আইনি সুরক্ষা ও সহায়তা কেন্দ্র গঠন; শহীদ ও আহতদের ওপর সংঘটিত দমন-পীড়নের জন্য দায়ীদের বিরুদ্ধে আন্তর্জাতিক মানদণ্ডে বিচার এবং স্বাধীন সত্য ও ন্যায় কমিশন গঠন।
অবরোধ চলাকালে রবিউল নামে এক পথচারী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘দুদিন পরপর সড়ক অবরোধ হয়। আর ভোগান্তি পোহাতে হয় আমাদের মতো সাধারণ মানুষকে।’
খবরওয়ালা/এন