খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৪ জুলাই ২০২৫
পুরান ঢাকায় ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডকে কেন্দ্র করে একটি গুপ্ত সংগঠন কথিত সাধারণ শিক্ষার্থীদের ব্যবহার করে ছাত্রদলের বিরুদ্ধে ‘মব’ সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন।
সোমবার (১৪ জুলাই) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক বিক্ষোভ মিছিল শুরুর আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ অভিযোগ করেন তিনি।
নাছির উদ্দিন বলেন, ‘গত এক সপ্তাহে আরও কয়েকটি ভয়াবহ হত্যাকাণ্ড ঘটেছে, কিন্তু সেগুলো নিয়ে কোনো শিক্ষার্থীকে কেউ বিভ্রান্ত করছে না। শুধু মিটফোর্ডের ঘটনা কেন্দ্র করে একটি চিহ্নিত গুপ্ত সংগঠন ছাত্রদলের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তারা শিবিরের ছদ্মবেশী কর্মীদের দিয়ে মব গঠন করে সাধারণ শিক্ষার্থীদের বিভ্রান্ত করছে। এমনকি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামেও কুৎসা রটানো হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘এ ধরনের ষড়যন্ত্র ও অপতৎপরতার বিরুদ্ধে আজকের এই বিক্ষোভ মিছিল। আমরা সংগঠনের অবস্থান স্পষ্ট করছি, তবে কোনো বিশৃঙ্খলা চাই না ।’
এর আগে ছাত্রদল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ‘গুপ্ত সংগঠন কর্তৃক মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ বিনষ্ট করা এবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির’ প্রতিবাদে এই কর্মসূচির ডাক দেওয়া হয়।
পরে বেলা সাড়ে তিনটার দিকে নয়াপল্টন বিএনপি কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি কাকরাইল, মৎস্য ভবন, প্রেসক্লাব, কার্জন হল, টিএসসি হয়ে শাহবাগে গিয়ে শেষ হয়।
মিছিলে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মহানগর, বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয় ও থানা ইউনিটের শতাধিক নেতাকর্মী অংশ নেন।
খবরওয়ালা/এন