শেষ সেশনে ব্যাটিংয়ে ধস, ৬৪ রানের লিডে বাংলাদেশ

সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ব্যর্থতার বড় কারণ নড়বড়ে ব্যাটিং। তবে আজ কিছুটা স্বস্তি দিয়েছেন দুই ওপেনার। সিরিজের মাঝপথে দলে ডাকা হয়েছিল অভিজ্ঞ এনামুল হক বিজয়কে। সাদমানের সঙ্গে ওপেনিংয়ে নামানো হয় এই ব্যাটারকে। দুজনে মিলে প্রথম সেশনটা কোনো উইকেটের পতন হতে দেননি। ১৮৯ বলে গড়েন ১১৮ রানের জুটি। ২০২২ সালের পর এই প্রথম উদ্বোধনী জুটিতে ১০০ পেরোয় বাংলাদেশ। যদিও ব্যক্তিগত পঞ্চাশের আগেই ফিরতে হয়েছে বিজয়কে। 

মুজারাবানির অফ স্টাম্পের একটু বাইরের বল ঠিকঠাক খেলতে পারলেন না এনামুল। বল গিয়ে তার পেছনের পায়ে লাগে। এলবিডব্লিউর আবেদন জানানো হলে সাড়া দেন আম্পায়ার। পরে রিভিউ নিয়েও শেষ রক্ষা হয়নি। তিন বছর পর টেস্ট দলে ফিরে বিজয় আউট হন ৩৯ রান করে। খুব বেশি টেস্ট খেলার সুযোগ না পাওয়া বিজয়ের ক্যারিয়ারের সেরা ইনিংস এটিই। এমনকি এক ম্যাচে দুই ইনিংস মিলিয়েও এর আগে কখনো ৩০ রান করতে পারেননি বিজয়।

শুরু থেকেই বাংলাদেশের দুই ওপেনারকে খুব একটা ভুগতে হয়নি জিম্বাবুয়ের বোলিং আক্রমণের সামনে। সাদমান ইসলাম ফিফটি পেয়েছিলেন লাঞ্চের আগেই। শুরু থেকেই ছিলেন সাবলীল। নিয়মিত বিরতিতে আসছিল বাউন্ডারি। শেষ পর্যন্ত ১৪২ বলে পেয়েছেন সেঞ্চুরির দেখা। এটা তার ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। প্রথম সেঞ্চুরিটাও ছিল জিম্বাবুয়ের বিপক্ষেই। সেটা ২০২১ সালের জুলাইয়ে হারারেতে।

সাদমানের সঙ্গে মুমিনুলের জুটিটাও জমে যাচ্ছিল। দুজনে মিলে গড়েছিলেন ৭৬ রানের জুটি। তবে পরপর দুই ওভারে দুই ব্যাটারকে হারিয়েছে বাংলাদেশ। চা বিরতির আগমুহূর্তে মাসাকাদজার বলে অপ্রয়োজনীয় স্লগ সুইপ খেলতে গিয়ে ক্যাচ দিয়ে ফেরেন মুমিনুল। তার ব্যাট থেকে এসেছে ৩৩ রান। পরের ওভারের প্রথম বলেই রায়ান বেনেট এলবিডব্লু করেন সেঞ্চুরিয়ান সাদমানকে।

১৮১ বলে ১৬ চার ও এক ছক্কায় ১২০ রান করেন সাদমান। টেস্টে এটিই তার ব্যক্তিগত সর্বোচ্চ। এর আগে ২০২১ সালে জিম্বাবুয়ের বিপক্ষেই অপরাজিত ১১৫ রান করেছিলেন।
৩ উইকেটে ২০৫ রান নিয়ে দ্বিতীয় দিনের চা-বিরতিতে গিয়েছিল বাংলাদেশ। বড় লিডের স্বপ্ন ছিল স্বাগতিকদের। কিন্তু শেষ সেশনে এসে ব্যাটিং ধসের মুখে পড়তে হলো নাজমুল হোসেন শান্তর দলকে।

এই সেশনে ৩০ ওভারে মাত্র ৮৬ রান তুলতে গিয়ে ৪টি উইকেট হারিয়েছে বাংলাদেশ। ২৫৯ থেকে ২৭৯-এই ২০ রানের মধ্যেই ৪টি গুরুত্বপূর্ণ উইকেট খোয়ায় টাইগাররা।

৭ উইকেটে ২৯১ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ। এখন তাদের লিড ৬৪ রানের। উইকেটে আছেন মেহেদী হাসান মিরাজ ১৬ আর তাইজুল ইসলাম ৫ রান নিয়ে।

 

 

খবরওয়ালা/এমবি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।