শেষ হলো মনস্তাত্ত্বিক থ্রিলার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ব্ল্যাক আউট’র শুটিং

মনস্তাত্ত্বিক থ্রিলার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ব্ল্যাক আউট’ (চিত্তভ্রম)-এর শুটিং সফলভাবে সম্পন্ন হয়েছে। ৯ সেপ্টেম্বর ভোরে রাজধানীতে ছবিটির শুটিং সম্পন্ন হয়। চলচ্চিত্রটির গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন নির্মাতা পুলক রাজ।

নির্মাতা জানান, ‘এই গল্পে রহস্যময়তা ও মানসিক উত্তেজনার দৃশ্যগুলো ভিজ্যুয়াল স্টোরিটেলিংয়ের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।’

চলচ্চিত্রটির সিনেমাটোগ্রাফিতে (ডিওপি) ছিলেন সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের শিক্ষার্থী ইমরুল হাসান। তিনি বলেন, “প্রতিটি ফ্রেমে আলো, ছায়া ও প্রতীকী ভাষার মাধ্যমে চরিত্রের মানসিক অবস্থা প্রকাশ করার চেষ্টা করেছি।”

গুরুত্বপূর্ণ চরিত্র জবা’-য় অভিনয় করেছেন দিলরুবা হোসেন দোয়েল। চরিত্রটি সম্পর্কে তিনি বলেন, “জবা একটি জটিল চরিত্র। তার ভেতরে দুঃখ, টানাপোড়েন ও টিকে থাকার লড়াই রয়েছে। চরিত্রটিতে ডুবে গিয়ে অভিনয় করতে হয়েছে, যা আমার জন্য আলাদা অভিজ্ঞতা।”

চলচ্চিত্রের শক্তিশালী চরিত্র “হৈম”-এ অভিনয় করেছেন কাজী নওশাবা আহমেদ। তিনি বলেন, “চিত্তভ্রম কেবল একটি সিনেমা নয়—এটি মানুষের ভেতরের অন্ধকার ও আলোর লড়াইকে একসাথে তুলে ধরে। প্রতিটি চরিত্র দর্শকের মনে আলোড়ন তুলবে। আমি বিশ্বাস করি, এই চলচ্চিত্র আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।”

প্রধান চরিত্র “মওলা”-য় অভিনয় করেছেন শ্যামল মওলা। তিনি বলেন, “মওলার চরিত্র বেশ চ্যালেঞ্জিং ছিল। প্রতিটি দৃশ্যে তার ভেতরের দ্বন্দ্ব, অপরাধবোধ ও পাপের ভয়ের প্রকাশ ঘটাতে হয়েছে। দর্শকরা রাজের মানসিক ভ্রমে জড়িয়ে পড়বেন, সেটাই আমার লক্ষ্য।”

এছাড়া চলচ্চিত্রে অংশ নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরাও।

নির্মাতা জানান, শুটিং শেষ হওয়ার পর চলচ্চিত্রটির পোস্ট-প্রোডাকশন কাজ শুরু হয়েছে। শেষ হলে এটি উৎসবে অংশ নেওয়ার পাশাপাশি দর্শকের সামনে আসবে।

খবরওয়ালা/এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।