শৈশবে করণ ‘ছেলে’ ছিল না!

বলিউডের খ্যাতনামা নির্মাতা করণ জোহর এবার ক্যামেরার পেছন থেকে সামনে এসে নিজের ভেতরের যন্ত্রণার পর্দা সরালেন। ‘ধড়ক ২’-এর মুক্তির আগে জয় শেঠির সঙ্গে একান্ত আলাপচারিতায় করণ ফিরে যান নিজের শৈশব স্মৃতিতে, যেখানে তিনি ছিলেন নিঃসঙ্গ, প্রশ্নবিদ্ধ ও সমাজের গৎবাঁধা লিঙ্গবোধের শিকার।

সাক্ষাৎকারে করণ বলেন, “আমি শুধু খেলতে চেয়েছিলাম, কিন্তু কেউ আমাকে দলে নেয়নি। কারণ তাদের মতে, আমি ‘ছেলে’ ছিলাম না। তারা এমনটাই মনে করত।” ছোটবেলায় তিনি যে বেদনা বয়ে বেড়িয়েছেন, তা আজও তার মনে গভীর দাগ কেটে রেখেছে।

তিনি আরও বলেন, ‘আমি সবসময় নিজেকে আমার বয়সী অন্যান্য ছেলেমেয়েদের থেকে আলাদা মনে করতাম। আমাকে বলা হতো, আমি মেয়েলি। আমার হাঁটা, দৌড়ানো, কথা বলার ধরন সবই নাকি মেয়েদের মতো। আমার শখ আর পছন্দও ছিল ভিন্ন। এ জন্য আমাকে ছোটবেলায় অনেক বিদ্রূপ সহ্য করতে হয়েছে।’

করণ বলেন, তারা তখন একটি অ্যাপার্টমেন্টে থাকতেন, যেখানে প্রতিদিন সন্ধ্যায় সব বাচ্চা মিলে নিচে নেমে খেলাধুলা করত। ‘আমি চাইতাম তাদের সঙ্গে থাকতে, ক্রিকেট কিংবা ফুটবল খেলতে। কিন্তু কেউ আমাকে নিত না, কারণ আমি ভালো খেলতাম না, ‘স্পোর্টি’ ছিলাম না। সবচেয়ে কষ্টের কথা হলো, তারা আমাকে কখনো ছেলের চোখে দেখেনি।’

এই খোলামেলা স্বীকারোক্তি করণ জোহরের জীবনের একটি অজানা অধ্যায় তুলে ধরে—যেখানে একাকীত্ব, বঞ্চনা এবং নিজের পরিচয় নিয়ে লড়াই ছিল প্রতিনিয়ত। সমাজের বদ্ধ লিঙ্গধারণার বিরুদ্ধে এই আত্মকথন শুধু করণের নয়, বরং হাজারো মানুষের অনুভূতির প্রতিধ্বনি।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।