শ্রীলঙ্কার জয়ে সেমিফাইনালে বাংলাদেশ

নিজেদের কাজটা ১৩তম ওভারে সেরে ফেলে শ্রীলঙ্কা। রশিদ খানের বলে চার মেরে দলের শেষ চার নিশ্চিত করেন অধিনায়ক চরিত আসালাঙ্কা। 

তাতে কাঁটায় কাঁটায় ১০১ রানের সমীকরণ মিলে যায়।

শ্রীলঙ্কা এশিয়া কাপের শেষ চারের টিকিট নিশ্চিত করলেও তখনও প্রশ্ন ছিল ‘বি’ গ্রুপ থেকে তাদের সঙ্গী হবে কে? আফগানিস্তান নাকি বাংলাদেশ? শেষ পর্যন্ত আবুধাবির ম্যাচ শেষে সেই উত্তর মিলে যায়। তাকিয়ে থাকা বাংলাদেশই হলো তাদের সঙ্গী। লিটন দাস-জাকের আলি অনিকদের সেমিফাইনাল নিশ্চিত হওয়ার পেছনে কৃতিত্ব মূলত শ্রীলঙ্কারই, বিশেষ করে কুশল মেন্ডিসের ব্যাটিংয়ে।

উইকেটরক্ষক-ব্যাটার কুশল মেন্ডিস খেলেছেন ৫২ বলে ৭৪ রানের ঝলমলে ইনিংস। ১০টি চার মেরে সাজানো ইনিংস তার দলকে এনে দেয় ৬ উইকেটের জয়, হাতে তখনও ৮ বল বাকি। এছাড়া কুশল পেরেরা (২৮) ও কামিন্দু মেন্ডিস (২৬*) গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তাদের কল্যাণেই আফগানিস্তানের শেষ চারে ওঠার স্বপ্ন শেষ হয়ে যায়।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে আফগানিস্তান পড়ে যায় নুয়ান তুষারার পেস ঝড়ে। মালিঙ্গার মতো বোলিং করা এই তরুণ পেসারের তোপে ৭৯ রানে ৬ ‍উইকেট হারায় আফগানরা। তখনও শঙ্কা ছিল ১২০ রান হবে কি না।

কিন্তু শেষদিকে মরুর বুকে ঝড় তোলেন মোহাম্মদ নবী। ৪০ বছর বয়সী এই অভিজ্ঞ ব্যাটার মাত্র ২২ বলে খেলেন ৬০ রানের ইনিংস। ৩ চার ও ৬ ছক্কার ঝড়ে আফগানদের সংগ্রহ দাঁড়ায় ১৭০। শুধু শেষ ওভারেই নবী হাঁকান ৫ ছক্কা। তবে সেই লড়াকু ইনিংসও দলকে শেষ চারে নিতে পারেনি। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন নুয়ান তুষারা।

খবরওয়ালা/আশ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।