টাঙ্গাইলের সখিপুর পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাগর ইসলাম সিজারকে (২৫) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫)। সোমবার (১০ আগস্ট) সন্ধ্যায় নাটোর সদর থানার সামনের এলাকা থেকে সিআর পরোয়ানাভুক্ত এক মামলায় তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে পাওয়া তথ্যে জানা গেছে, র্যাব সদস্যরা সিজারকে গ্রেফতারের পর তার নাম-ঠিকানা ও অন্যান্য অপরাধমূলক তথ্যাদি যাচাই-বাছাই শুরু করেন। আইনি প্রক্রিয়া ও প্রাথমিক তদন্তের একপর্যায়ে জানা যায়, টাঙ্গাইলের সখিপুর থানায় দায়ের করা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসংক্রান্ত একটি রাজনৈতিক সহিংসতার মামলায় তিনি এজাহারনামীয় তালিকাভুক্ত আসামি। সখিপুর থানার ওই মামলার নম্বর ০৩, যা গত ২০২৪ সালের ৮ আগস্ট রুজু হয়েছিল।
নাটোর সদর থানা পুলিশ বিষয়টি নিশ্চিত হওয়ার পরপরই সখিপুর থানা কর্তৃপক্ষকে অবহিত করে। খবর পেয়ে সখিপুর থানা পুলিশের একটি দল দ্রুত নাটোরে পৌঁছায় এবং আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আসামিকে সখিপুরে নিয়ে আসে। বর্তমানে তিনি সখিপুর থানা হেফাজতে রয়েছে।
ছাত্রলীগে দায়িত্ব পালনের সময় সখিপুর এলাকায় সিজারের বিরুদ্ধে নানা বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ উঠেছিল। বিশেষ করে ২০২৪ সালের জুলাই ও আগস্টে দেশজুড়ে ছড়িয়ে পড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সখিপুর এলাকায় ছাত্র-জনতার ওপর হামলা, ভয়ভীতি প্রদর্শন ও আন্দোলন প্রতিহতের চেষ্টার পেছনে তিনি প্রত্যক্ষ ভূমিকা পালন করেছিলেন বলে মামলায় উল্লেখ রয়েছে। সরকার পতনের পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন এবং অবস্থান পরিবর্তন করে দেশের বিভিন্ন জেলায় গা-ঢাকা দেওয়ার চেষ্টা করছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, নাটোর থেকে অভিযুক্তকে সখিপুর থানায় আনা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যাচেষ্টা ও সহিংসতা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শেষ করে নির্ধারিত মেয়াদের মধ্যেই তাকে টাঙ্গাইল আদালতে হাজির করা হবে। একই সাথে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন জানানো হতে পারে বলে থানা পুলিশ ইঙ্গিত দিয়েছে।
মন্তব্য