সচিবালয়ের গেট ভেঙে গাড়ি ভাঙচুর করলো শিক্ষার্থীরা, সেনা-পুলিশের লাঠিচার্জে আহত অনেক

শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি. আর. আবরার ও সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরের পদত্যাগ দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা সচিবালয়ে গেট ভেঙে ও দেয়াল টপকে ঢুকে পড়েন। এ সময় তাদের ঠেকাতে গেলে পুলিশ ও সেনা সদস্যদের সঙ্গে সংঘর্ষ বাধে।

সচিবালয়ের ভেতরে ঢুকে শিক্ষার্থীরা সামনে থাকা যানবাহনে ভাঙচুর চালান। এলজিআরডি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনেও ব্যাপক ভাঙচুর হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ছোড়ে। লাঠিচার্জে অনেক শিক্ষার্থী আহত হন, যাদের মধ্যে নারী শিক্ষার্থীরাও রয়েছেন।

এর আগে, দুপুরে বিক্ষোভ মিছিল নিয়ে সচিবালয়ের সামনে আসেন শিক্ষার্থীরা। সচিবালয়ে প্রবেশের এক নম্বর গেটের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। এতে গুলিস্তান জিরো পয়েন্টের সড়ক বন্ধ হয়ে গেছে।

সোমবার (২১ জুলাই) দুপুরে মাইলস্টোন স্কুল অ্যাএন্ড কলেজে বিমানবাহিনীর ফাইটার জেট বিধ্বস্তের ঘটনায় ব্যাপক প্রাণহানি ঘটে। সবশেষ তথ্য অনুযায়ী মৃতের সংখ্যা বেড়ে ৩১ এ দাঁড়িয়েছে। ওই ঘটনায় আহত হন দেড় শতাধিক। তাদের প্রায় ৭০ জন এখনো বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। এই অবস্থার মধ্যে আজ মঙ্গলবার চলমান এইচএসসি ও সমমানের কয়েকটি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। সরকারের পক্ষ থেকে রাতে জানানো হয়, মঙ্গলবারের পরীক্ষা স্থগিত।

বিক্ষোভকারী শিক্ষার্থীরা বলছেন, অনেক সমালোচনার পর পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত আসে গভীর রাতে। এই সিদ্ধান্ত আগে কেন নেয়া হলো না- এমন প্রশ্ন তুলে ক্ষোভ প্রকাশ করছেন তারা। তাদের দাবি, গভীর রাতে এই সিদ্ধান্ত আসায় অনেক শিক্ষার্থী বিভ্রান্ত হয়েছে। তারা এই তথ্য জানতেই পারেনি। ফলে অনেকে আজ পরীক্ষাকেন্দ্রে চলে গেছে!

বিষয়টি নিয়ে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি. আর. আবরারের ওপর ক্ষোভ প্রকাশ করে তার পদত্যাগ দাবি করছেন শিক্ষার্থীরা।

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।