খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩০ জুন ২০২৫
‘নতুন বাংলাদেশ দিবস’ ঘোষণার সিদ্ধান্ত থেকে সরে আসার বিষয়ে মন্তব্য করেছেন সাংবাদিক এম এ আজিজ। তিনি বলেছেন, ‘রাষ্ট্র কোনো এনজিও কিংবা বেসরকারি কোম্পানি নয় যে ভুল হলে সঙ্গে সঙ্গে তা শুধরে নেওয়া যাবে। সরকার চালাতে হলে আগে থেকেই আলোচনা করে সিদ্ধান্ত নিতে হয়। প্রয়োজনে পরবর্তী আলোচনার সুযোগ রাখাও জরুরি।’
সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আপনি ‘নতুন বাংলাদেশ’ ঘোষণা দিতে চান—কেন? কী ঘটেছে? একটি সরকার ক্ষমতা হারিয়েছে, ঠিক আছে। কিন্তু তাই বলে কি আপনি ১৯৭১ বাদ দেবেন? ভাষা আন্দোলন বাদ দেবেন? ১৯৯০-এর গণআন্দোলনও কি বাদ যাবে? এসব ইতিহাস কি মুছে ফেলা যায়?’
এম এ আজিজ বলেন, ‘৫ আগস্টে একটি ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছে, তারা পালিয়েছে—তা সত্যি। কিন্তু এর মানে এই নয় যে দেশ সেদিন থেকে শুরু হলো। বাংলাদেশের ভিত্তি ১৯৫২ সাল থেকেই, এর একটি ইতিহাস আছে। তাই স্বাভাবিকভাবেই ‘নতুন বাংলাদেশ দিবস’ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে এবং সরকার এই সিদ্ধান্ত থেকে সরে এসেছে।’
তিনি আরও বলেন, ‘রাজনৈতিক দল বা সরকার যখন কোনো সিদ্ধান্ত থেকে সরে আসে, তা সমঝোতা নয়—ভুল স্বীকার করার নাম। রাজনৈতিক সরকার সিদ্ধান্ত নিয়ে পিছু হটলে বুঝতে হবে, সিদ্ধান্তটি সঠিক ছিল না।’
তার ভাষ্য অনুযায়ী, ‘সরকারের ভুল করার কথা নয়। সরকার মানে একটি সম্মিলিত কাঠামো—যার নিজস্ব অর্গান ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া রয়েছে। সেখানেই আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত। ‘নতুন বাংলাদেশ দিবস’ ঘোষণাটি নিশ্চয়ই সরকারের একটি অংশের একক সিদ্ধান্ত ছিল।’
খবরওয়ালা/আরডি