সহযোদ্ধাদের বিরুদ্ধে বৈছাআ নেত্রীর ‘ভয়াবহ অভিযোগ’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম মহানগর মুখপাত্র ফাতেমা খান লিজা আন্দোলনের সহযোদ্ধাদের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ তুলে নিজেকে সংগঠনের সব কর্মকাণ্ড থেকে গুটিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন।

তিনি বলেছেন, নারী সহযোদ্ধারা যারা আন্দোলনে সাহসিকতার সঙ্গে লড়েছেন, তাদেরই আজ নিজেদের লোকজন অপমান করছে। সংগঠনের কেন্দ্রীয় নেতাদের নির্লিপ্ততাও এই অবমাননার সুযোগ করে দিয়েছে।

শুক্রবার (১ আগস্ট) রাতে নিজের ফেসবুক লাইভে এসে প্রায় ১৬ মিনিট কথা বলেন লিজা। শনিবার গণমাধ্যমকে তিনি বলেন, ‘দুইটি কারণেই নিজেকে গুটিয়ে নিয়েছি। এক, আমাদেরই আপনজনরা নারীদের হেয় করছে। দুই, এসব বিষয়ে কেন্দ্রকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।’

লিজা বলেন, ‘আমরা নারীরা দেশের প্রয়োজনেই সংগঠিত হয়েছিলাম। আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছিলাম। কিন্তু আন্দোলনের পর দেখা যাচ্ছে, যেসব মেয়েরা মাঠে ছিল, তারা একে একে হারিয়ে যাচ্ছে। তাদের আবার সংগঠিত করলাম। কিন্তু তখন থেকেই শুরু হলো বাঁকা চোখে দেখা, মিথ্যা অপবাদ দেওয়া। এসব দেখে আর ভালো লাগছে না। তাই সরে দাঁড়িয়েছি।’

চট্টগ্রামে জুলাই অভ্যুত্থানে নারীদের দৃশ্যমান ভূমিকা রাখা ফাতেমা খান লিজা বর্তমানে চট্টগ্রাম কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ঘোষণার পর তিনি চট্টগ্রাম মহানগর ইউনিটের মুখপাত্র হিসেবে দায়িত্ব পান। কিন্তু এরপর থেকেই তার বিরুদ্ধে চলতে থাকে নানা ধরনের ‘ষড়যন্ত্র’।

লিজার দাবি, এক নারীর ইলেকট্রিক সিগারেট খাওয়ার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হেয় করার চেষ্টা করা হয়। পরে সেই ভিডিওর সূত্র ধরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম নগর আহ্বায়ক আরিফ মইনুদ্দিন ও সদস্য সচিব নিজাম উদ্দিন তাকে পদ থেকে বহিষ্কার করেন। তবে ভিডিওটি তার নয় বলে দাবি করে লিজা আইনি ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেন। এর পরিপ্রেক্ষিতে ঢাকায় বৈঠক হয় এবং হাসনাত আব্দুল্লাহর হস্তক্ষেপে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।

সম্প্রতি আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি শাম্মী আক্তারের বাসায় চাঁদাবাজির অভিযোগে রিয়াদ নামের এক সমন্বয়ক ধরা পড়ার পর সংগঠনের সব কমিটি স্থগিত করা হয়। এর মধ্যেই লিজার এমন ঘোষণায় চট্টগ্রামের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে।

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।