‘সায়ারা’ কাপাচ্ছে বক্স অফিস, ৬ দিনেই রেকর্ড পরিমাণ আয়

রোমান্টিক ঘরানার ছবি ‘সায়ারা’ মুক্তির পরপরই ঝড় তুলেছে বক্স অফিসে। মোহিত সুরি পরিচালিত এই চলচ্চিত্রে অভিনয় করেছেন আহান পাণ্ডে ও অনিত পাড্ডা। মুক্তির মাত্র এক সপ্তাহের মধ্যেই ছবিটি আয় করেছে ১৫০ কোটিরও বেশি। ষষ্ঠ দিনে সিনেমাটির আয় দাঁড়িয়েছে ১৫৩.২৫ কোটি রুপিতে।

চলচ্চিত্রটি মুক্তি পেয়েছে গত ১৮ জুলাই। প্রথম দিনেই ‘সায়ারা’ আয় করে ২১.৫ কোটি রুপি। এরপর দ্বিতীয় দিনে ২৬ কোটি, তৃতীয় দিনে ৩৫.৭৫ কোটি, চতুর্থ দিনে ২৪ কোটি, পঞ্চম দিনে ২৫ কোটি এবং ষষ্ঠ দিনে আরও ২১ কোটি রুপি আয় করে।

যদিও সপ্তাহের মাঝামাঝি সময়ে আয় কিছুটা কমে যায়, তবুও কোনো উৎসব বা ছুটির দিন ছাড়াই দুর্দান্ত গতি বজায় রেখেছে ছবিটি। বিশেষ করে উইকেন্ডে আয় অনেকটাই বাড়ে—শনিবার ২৬ কোটি এবং রোববার ৩৫.৭৫ কোটি রুপি।

বাণিজ্য বিশ্লেষকদের মতে, ‘সায়ারা’ ইতিমধ্যেই ‘তু ঝুটি ম্যায় মাক্কার’-এর আজীবন আয়ের রেকর্ড পেরিয়ে গেছে এবং দ্রুতই ‘রকি অর রানি কি প্রেম কাহানি’র সংগ্রহ ছুঁয়ে ফেলবে।

গল্পে উঠে এসেছে তরুণ সংগীতশিল্পী কৃষ্ণ কাপুর (আহান পাণ্ডে) এবং অন্তর্মুখী সাংবাদিক বানী (অনিত পাড্ডা)-এর মধ্যকার এক আবেগঘন প্রেমকাহিনি। এক অনাকাঙ্ক্ষিত ঘটনায় তাদের সম্পর্ক সংকটে পড়লেও, বানী কৃষ্ণর পাশে ঢাল হয়ে দাঁড়ায়।

দর্শকদের পাশাপাশি বলিউড তারকারাও প্রশংসায় ভাসিয়েছেন ‘সায়ারা’কে। আলিয়া ভাট, অনিল কাপুর, শ্রদ্ধা কাপুর, রণবীর সিং, অনন্যা পান্ডে ও বরুণ ধাওয়ানের মতো তারকারা এই সিনেমা এবং নবাগত দুই অভিনয়শিল্পীর পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করেছেন। সমালোচকরাও দিয়েছেন ইতিবাচক রিভিউ।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।