সিলেটে কিশোরী ধর্ষণে অভিযুক্ত শিক্ষক গ্রেপ্তার

সিলেটের বিশ্বনাথে মাদরাসা পড়ুয়া কিশোরী(১৭)-কে অপহরণ করে ধর্ষণের অভিযোগে ক্বারী মো. সেলিম মিয়া (৪২) নামের দারুল ক্বেরাত শিক্ষা কেন্দ্রের এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।  

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাতে এ ঘটনায় তার বাবা বাদী হয়ে বিশ্বনাথ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করার পরপরই পুলিশের একটি দল অভিযুক্ত মো. সেলিম মিয়াকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত ক্বারী মো. সেলিম মিয়া ওসমানীনগর উপজেলার সৈয়দ মান্দারুকা গ্রামের মৃত শুকুর আলীর ছেলে। তিনি ৩ সন্তানের জনক বলে জানা গেছে।

পুলিশ ও ভুক্তভোগীর পরিবার জানায়, ওই কিশোরী স্থানীয় একটি মাদরাসায় লেখাপড়া করে আসছে।

রমজান মাসে দারুল ক্বেরাত শিক্ষা কেন্দ্রে কোরআন শিক্ষা নিতে স্থানীয় মসজিদে ওই কিশোরী ভর্তি হয়। এতে দারুল ক্বেরাত শিক্ষা কেন্দ্রের শিক্ষক ক্বারী সেলিম মিয়ার সঙ্গে ওই কিশোরীর পরিচয় হয়।

গত বুধবার (১৬ এপ্রিল) ওই কিশোরী বাড়ি থেকে মাদরাসায় যাওয়ার পথিমধ্যে ওই শিক্ষক তাকে জোর করে সিএনজি চালিত অটোরিকশায় তুলে নিয়ে যান। পরে সিলেট শহরের একটি বাসায় নিয়ে ওই কিশোরীকে ধর্ষণ করেন।

পরে ওই কিশোরী বিষয়টি পরিবারের সদস্যদের অবহিত করে। এরপর সেলিম ওই কিশোরীর চাচাত ভাইয়ের সঙ্গে বিষয়টি টাকা লেনদেনের মাধ্যমে শেষ করতে চান। কিন্তু চাচাত ভাই এ বিষয়টি স্থানীয় এক মুরব্বিকে অবহিত করেন। পরে ওই মুরব্বিসহ ভুক্তভোগী পরিবার থানায় পুলিশ ঘটনাটি জানান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিশ্বনাথ থানার ওসি এনামুল হক চৌধুরী বলেন, ‘কিশোরীকে ধর্ষণের ঘটনায় থানায় মামলা দায়েরের পর পরই পুলিশ মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামিকে আজ শুক্রবার (১৮ এপ্রিল) আদালতে প্রেরণ করা হয়েছে। ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য সিলেট ওসমানী মেডিক্যাল হাসপাতালে পাঠানো হয়েছে।’

খবরওয়ালা/এমইউ
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।