খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৯ আগস্ট ২০২৫
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির ভাগ্নে ও ঢাকা দক্ষিণের বহিষ্কৃত দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দীনকে আটক করেছে পুলিশ।
শনিবার (৯ আগস্ট) দুপুরে উপজেলার জেলেপোতা গ্রাম থেকে স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
পুলিশ জানায়, এসময় রিয়াজ উদ্দীনকে ভারতে পালাতে সহায়তা করার অভিযোগে সীমান্ত এলাকার চিহ্নিত দালাল ফয়েজ উদ্দীন, মিনহাজ উদ্দীন ও রিয়াজ উদ্দীনকেও আটক করা হয়েছে।
সীমান্ত সূত্রগুলো জানায়, বৃহস্পতিবার চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে বিপুল অংকের টাকা নিয়ে ভারতে পালানোর চেষ্টা করছিলেন রিয়াজ উদ্দীন। এসময় তিনি অজ্ঞাত ব্যক্তিদের হাতে আটক হন। ওই ব্যক্তিরা রিয়াজের কাছে থাকা টাকা নিয়ে তাকে মহেশপুরের দালালদের কাছে হস্তান্তর করে।
শনিবার দুপুরে খবর পেয়ে সীমান্ত থেকে প্রায় ৭ কিলোমিটার ভেতরে জেলেপোতা গ্রামের বাসিন্দারা তিন দালালসহ রিয়াজ উদ্দীনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। পরে মহেশপুর ৫৮ বিজিবি ও থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, ‘রিয়াজ উদ্দীনসহ তিন দালালকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রিয়াজের নামে ঢাকার বিভিন্ন থানায় হত্যাসহ একাধিক মামলা থাকতে পারে।’
মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল রফিকুল আলম বলেন, ‘এমন খবর পেয়ে ঘটনাস্থলে বিজিবি পাঠানো হয়েছিল। স্থানীয় গ্রামবাসী জেলেপোতা গ্রাম থেকে তাদের আটক করে পুলিশে দিয়েছে বলে শুনেছি।’
খবরওয়ালা/এসআই