সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় মাদ্রাসার বাথরুমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহিন আলম (১১) নামে এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

রোববার (১১ মে) সকালে উপজেলার বাণিজ্যিক কেন্দ্র বাদাঘাটের দারুল ইসলাহ্ মডেল মাদ্রাসায় এই দুর্ঘটনা ঘটে।

মৃত শাহিন আলম তাহিরপুরের দক্ষিণ বড়দল ইউনিয়নের জামতলা গ্রামের সাজিনুর রহমানের ছেলে। সে দারুল ইসলাহ্ মডেল মাদ্রাসার নুরানি শ্রেণিতে পড়াশোনা করত।

পরিবার ও মাদ্রাসা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, রোববার সকালে প্রতিদিনের মতো মাদ্রাসায় যায় শাহিন। কিছুক্ষণ পর সে বাথরুমে গেলে দীর্ঘ সময়েও ফিরে না আসায় সহপাঠীরা খোঁজ নিতে যায়। তারা গিয়ে দেখে, বাথরুমের ভেতরে শাহিন অচেতন অবস্থায় পড়ে আছে। এরপর দরজা খুলে তাকে বাইরে আনা হয়, তবে তখন তার দেহ নিথর ছিল।

তাহিরপুর থানার বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জানান, বাথরুমে পানি সরবরাহের একটি বৈদ্যুতিক মোটরের খোলা তারে অসাবধানতাবশত স্পর্শ করেই শাহিন বিদ্যুৎস্পৃষ্ট হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে।

শিশু শিক্ষার্থীর অকাল মৃত্যুতে মাদ্রাসা, পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় প্রশাসন ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।