সুব্রত বাইন ও তাঁর তিন সহযোগীর ১০ দিনের রিমান্ড চায় পুলিশ

শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ওরফে মো. ফাতেহ আলী (৬১)-সহ চারজনের ১০ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। রাজধানীর হাতিরঝিল থানায় করা অস্ত্র আইনের একটি মামলায় এ রিমান্ড চাওয়া হয়।

বুধবার (২৮ মে) মামলার তদন্ত কর্মকর্তা হাতিরঝিল থানার উপপরিদর্শক রিয়াদ আহমেদ এ রিমান্ড আবেদন করেন। এ বিষয়ে বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি হবে।

অন্য আসামিরা হলেন—আবু রাসেল মাসুদ ওরফে মোল্লা মাসুদ (৫৩), এম এ এস শরিফ (২৫) এবং মো. আরাফাত ইবনে মাসুদ (৪৩)।

রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়েছে, ২০০১ সালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সুব্রত বাইন ও তাঁর সহযোগী মোল্লা মাসুদসহ ২৩ জন শীর্ষ সন্ত্রাসীর নাম প্রকাশ করে এবং তাঁদের ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করে। তাঁরা ‘সেভেন স্টার গ্রুপ’ নামে একটি সন্ত্রাসী গ্রুপ পরিচালনা করতেন।

সুব্রত বাইন সে সময় খুন, ডাকাতি, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধ সংঘটনের মাধ্যমে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে অস্থিতিশীল করে তোলে। পরবর্তীতে বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাভোগ করেন।

এর আগে মঙ্গলবার (২৭) আনুমানিক ভোর ৫টায় বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিশেষ অভিযানে কুষ্টিয়া জেলা থেকে শীর্ষ তালিকাভুক্ত সন্ত্রাসী সুব্রত বাইন ওরফে ফতেহ আলী ও তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ ওরফে আবু রাসেল মাসুদকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী সময়ে তাদের তথ্যের ভিত্তিতে রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে গ্রেপ্তার করা হয় সুব্রত বাইনের দুই সহযোগী শ্যুটার আরাফাত ও শরীফকে। পরবর্তীতে বুধবার (২৮ মে) তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়।

খবরওয়ালা/এসআর
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।