সুমুদ ফ্লোটিলার আটক কর্মীদের নিয়ে যাওয়া হচ্ছে ইসরায়েলে

গাজায় মানবিক সহায়তা পৌঁছাতে যাওয়া ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ আটক করেছে ইসরায়েলি সেনারা। এ সময় নৌযানে থাকা সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গসহ বহু আন্তর্জাতিক অ্যাক্টিভিস্টকে আটক করে দখলদার বাহিনী। বর্তমানে তাদের ইসরায়েলের আশোদ বন্দরে নেওয়া হচ্ছে। খবর আলজাজিরার।

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আটক কর্মীরা সুস্থ আছেন এবং কোনো জটিলতা ছাড়াই নৌবাহিনী তাদের সমুদ্র থেকে বন্দরে নিয়ে যাচ্ছে। আশা করা হচ্ছে, দুই ঘণ্টার মধ্যে তারা বন্দরে পৌঁছাবেন। এরপর আটক ব্যক্তিদের ইউরোপে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হবে।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, গত রাত থেকে চলমান অভিযানে ইসরায়েল অন্তত ৪৪টি মানবিক ত্রাণবাহী নৌকার মধ্যে ২১টি থামিয়ে দিয়েছে। এর ফলে বিশ্বজুড়ে তীব্র নিন্দার ঝড় উঠলেও ইসরায়েল তার অবস্থান থেকে সরে আসেনি।

এর আগে জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেসকা আলবানিজে ও কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে ফ্লোটিলাকে বাধাহীনভাবে গাজায় পৌঁছানোর আহ্বান জানিয়েছিলেন।

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বলছে, ফ্লোটিলার পাঠানো ত্রাণ মানবিক আইনের অধীনে বৈধ। তবে ইসরায়েল দাবি করছে, স্বেচ্ছাসেবীরা তাদের আরোপিত নৌ অবরোধ ভাঙার চেষ্টা করছে। বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক আইন মানবিক সহায়তা সরবরাহের অনুমতি দেয়।

গাজায় চলমান ইসরায়েলি হামলায় হাজারো মানুষের প্রাণহানি ও অবরোধের মধ্যে এই ফ্লোটিলা ছিল মানবিক সহায়তা ও সংহতির প্রতীকী উদ্যোগ।

আটককৃতদের মধ্যে স্পেনের ৩০ জন, ইতালির ২২ জন, তুরকির ২১ জন এবং মালয়েশিয়ার ১২ জন নাগরিক রয়েছেন। তবে কর্মীরা জানিয়েছেন, গ্রেপ্তার অভিযান সত্ত্বেও ফ্লোটিলার মিশন থামেনি—এখনো কয়েকটি জাহাজ ইসরায়েলি বাধা উপেক্ষা করে গাজার উপকূলে পৌঁছানোর চেষ্টা করছে।

খবরওয়ালা/এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।