খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: রবিবার, ২ মার্চ ২০২৫
খবরওয়ালা অনলাইন ডেস্ক: বাংলাদেশের নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির ‘সেকেন্ড রিপাবলিক’ ধারণাকে জাতিকে বিভক্ত করার অছিলা বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
রবিবার (২ মার্চ) পবিত্র রমজানের প্রথম দিনে আলেম, ওলামা ও এতিমদের সঙ্গে ইফতার অনুষ্ঠানে অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি এই অনুষ্ঠানে যুক্ত হন।
মির্জা আব্বাস বলেন, ‘বিএনপির সঙ্গে আলেম-ওলামাদের দূরত্ব তৈরিতে দেশে-বিদেশে একশ্রেণির লোক ষড়যন্ত্র করছে। সবাইকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে।’
নতুন দলের ‘সেকেন্ড রিপাবলিক’ ধারণা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি এটি বুঝতে পারিনি। তবে এটিকে জাতিকে বিভক্ত করার একটি কৌশল হিসেবে দেখা যেতে পারে। সবাইকে সতর্ক থাকতে হবে।’
অনুষ্ঠানে তারেক রহমান দেশবাসীকে রমজানের শুভেচ্ছা জানান এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চান। তিনি দেশের গণতন্ত্র ও মানুষের কল্যাণের জন্যও প্রার্থনা করেন।
ইফতার মাহফিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন জমির উদ্দিন সরকার, গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদসহ দলটির অন্যান্য নেতৃবৃন্দ।
খবরওয়ালা/এমবি