খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ই সেপ্টেম্বর ২০২৫, ১:৩১ এএম
সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ও সিনিয়র স্কলারস কাউন্সিলের প্রধান শেখ আবদুল আজিজ আল-শেখ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রিয়াদে ৮২ বছর বয়সে মারা গেছেন।
রাজ দরবার এক বিবৃতিতে তার মৃত্যুতে মুসলিম বিশ্বকে একজন বিশিষ্ট আলেম হারানোর খবর নিশ্চিত করেছে।
শেখ আবদুল আজিজ আল-শেখ ১৯৮২ সালে আরাফা প্রাঙ্গণের ঐতিহাসিক নামিরাহ মসজিদে ইমাম ও ধর্মপোদেষ্টা হিসেবে নিযুক্ত হন। ২০১৪ সাল পর্যন্ত টানা ৩৪ বছর তিনি আরাফাতের ময়দানে পবিত্র হজের খুতবা পাঠ করেছিলেন।
রাজ দরবারের বিবৃতিতে বলা হয়েছে, “শেখ আবদুল আজিজ আল-শেখ ইসলাম ও মুসলিমদের সেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।” সৌদি সময়ে মঙ্গলবার আসরের নামাজের পর রিয়াদে ইমাম তুর্কি বিন আব্দুল্লাহ মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে।
এছাড়া মক্কার গ্র্যান্ড মসজিদ, মদিনার মসজিদে নববীসহ দেশের সব মসজিদে গায়েবানা জানাজার নির্দেশ দিয়েছেন সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। মৃত্যুর সংবাদে সৌদি বাদশাহ সালমান ও যুবরাজ মোহাম্মদ বিন সালমান গভীর শোক প্রকাশ করেছেন।
খবরওয়ালা/আশ
মন্তব্য