খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় স্ত্রীকে বাঁচাতে গিয়ে অটোরিকশা থেকে লাফ দিয়ে রাস্তায় পড়ে প্রাণ হারিয়েছেন আছর উদ্দিন (৪০)। নিহত আছর উদ্দিন উপজেলার খারনৈ ইউনিয়নের বটতলা গ্রামের মৃত তহুর উদ্দিনের ছেলে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট ২০২৫) দুপুরে উপজেলার লেঙ্গুরা বাজার এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আছর উদ্দিনের স্ত্রী শাহিনা আক্তার (৩০) দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন। এদিন দুপুরে বটতলা এলাকা থেকে আছর উদ্দিন একটি ব্যাটারিচালিত অটোরিকশায় করে স্ত্রীকে নিয়ে তার শ্বশুরবাড়ি কেবলপুর গ্রামে যাচ্ছিলেন।
অটোরিকশাটি লেঙ্গুরা বাজার এলাকায় পৌঁছালে শাহিনা হঠাৎ চলন্ত গাড়ি থেকে লাফ দেন। স্ত্রীকে বাঁচাতে আছর উদ্দিনও দ্রুত অটোরিকশা থেকে লাফ দিলে সড়কের ওপর পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফর রহমান গণমাধ্যমকে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’
খবরওয়ালা/এসআই