খবরওয়ালা আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
স্ত্রীকে গায়ের রং কালো হওয়ায় জীবন্ত পুড়িয়ে হত্যা করেন স্বামী। ২০১৭ সালের ২৪ জুন ভারতের উদয়পুরের বল্লভনগরে এ ঘটনা ঘটে। ঘটনার ৮ বছর পর, শনিবার (৩০ আগস্ট) উদয়পুরের মাভলির নিম্ন আদালত তাকে মৃত্যুদণ্ড দেন। একই সঙ্গে আসামিকে ৫০ হাজার রুপি জরিমানা করা হয়েছে।
আদালতে উপস্থাপিত নথি অনুযায়ী, নিহত স্ত্রী লক্ষ্মী মৃত্যুর আগে তার জবানবন্দিতে জানিয়েছেন যে, বিয়ের পর থেকেই স্বামী কিষানদাস তার গায়ের রঙ নিয়ে কটূক্তি করতেন। প্রায়ই তিনি তাকে ‘কালি’ বলে অপমান করতেন।
ঘটনার দিন কিষানদাস একটি প্লাস্টিক বোতলে বাদামি রঙের তরল পদার্থ নিয়ে আসেন এবং দাবি করেন এটি নাকি ফর্সা হওয়ার ওষুধ। এক পর্যায়ে তিনি তরলটি স্ত্রীর শরীরে মাখিয়ে দেন। লক্ষ্যী আপত্তি জানালে, কিষানদাস আগরবাতি দিয়ে তার শরীরে আগুন ধরিয়ে দেন। স্ত্রীর যন্ত্রণায় সাহায্য চাওয়ার পর কৃষ্ণলাল ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
পরবর্তীতে লক্ষ্মীর শ্বশুর ও শাশুড়ি তাকে হাসপাতালে নিয়ে যান। কিন্তু কয়েক দিন পরে তার মৃত্যু হয়।
এ ঘটনায় লক্ষ্মীর বাপের বাড়ির লোকজন ‘বল্লভগর পুলিশ স্টেশনে কৃষ্ণলালের বিরুদ্ধে অভিযোগ করেন। অভিযোগের কিছুদিন পর তাকে গ্রেপ্তার করা হয়। অবশেষে দীর্ঘ আট বছর পর, বল্লভনগরের অতিরিক্ত জেলা ও দায়রা আদালত ওই ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেন।
উদয়পুরের জেলা ও দায়রা জজ রাহুল চৌধুরী রায়ে বলেন, ‘এই হত্যাকাণ্ড অত্যন্ত বিরলতম অপরাধের মধ্যে পড়ে। এটি শুধু লক্ষ্মীর বিরুদ্ধে নয়, মানবতার বিরুদ্ধেও অপরাধ। অত্যন্ত নিষ্ঠুরভাবে তিনি স্ত্রীর বিশ্বাস ভেঙেছেন। যে সমাজে আমরা বাস করি সেখানে এমন ঘটনা কল্পনাও করা যায় না।’
রাষ্ট্রপক্ষের আইনজীবী দিনেশ পালিওয়াল এই রায়কে ঐতিহাসিক বলেও অভিহিত করে বলেন, ‘একজন তরুণী নির্মমভাবে খুন হয়েছেন। তিনি কারও মেয়ে, কারও বোন ছিলেন। যদি আমরা আমাদের মেয়েদের বাঁচাতে না পারি, তবে কে বাঁচাবে?’
আসামি পক্ষের আইনজীবী সুরেন্দ্র কুমার মেনারিয়া দাবি করেছেন, এটি একটি দুর্ঘটনা এবং তার মক্কেল নির্দোষ। তিনি জানিয়েছেন, রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।
উদয়পুরের এই রায়ে আবারও ভারতে ফর্সা ত্বকের মানুষের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গির বিষয়টি সামনে চলে এসেছে। দেশটিতে দীর্ঘদিন ধরেই নারীদের গায়ের রং নিয়ে বিদ্বেষ, অপমান ও বৈষম্যের সংস্কৃতি বিদ্যমান। এ ঘটনাকে ঘিরে আবারও সেই সামাজিক সমস্যার প্রতি দৃষ্টি আকর্ষিত হয়েছে।
সূত্র: বিবিসি, এই সময়, জাগো বাংলা
খবরওয়ালা/শরিফ