স্ত্রীর সঙ্গে বিরোধের জেরে শাশুড়িকে হত্যা করলো জামাই, আহত আরও দুইজন

দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়নে পারিবারিক কলহের জেরে এক মর্মান্তিক হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। স্ত্রীকে ফিরিয়ে আনতে গিয়ে ব্যর্থ হয়ে ক্ষিপ্ত জামাই এলোপাতাড়ি ছুরিকাঘাতে শাশুড়িকে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। এতে আহত হয়েছেন অভিযুক্তের স্ত্রী এবং শ্যালক।

ঘটনাটি ঘটে শুক্রবার (২৩ মে) রাতের দিকে, ভোগনগর ইউনিয়নের চাউলিয়া রামপাড়া গ্রামে। নিহত বাহা বেসরা (৫৫) স্থানীয় বাসিন্দা, মৃত বুদরা হাসদার স্ত্রী। অভিযুক্ত জামাই সামিয়েল মার্ডি দক্ষিণ চাউলিয়া গ্রামের শনিরাম মার্ডির ছেলে। আহতরা হলেন সামিয়েলের স্ত্রী মিনি হাসদা ও শ্যালক বিকাশ কিস্কু।

পুলিশ সূত্রে জানা যায়, সামিয়েল ও মিনির মধ্যে দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল। মাসখানেক আগে মিনি স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে বাবার বাড়ি চলে আসেন। এই বিষয়টিতে ক্ষিপ্ত হয়ে সামিয়েল শুক্রবার গভীর রাতে শ্বশুরবাড়িতে ঢুকে শাশুড়ি বাহা বেসরার ওপর ছুরি দিয়ে আক্রমণ চালান। ঘটনাস্থলেই মারা যান তিনি। স্ত্রী ও শ্যালক এগিয়ে এলে তাদেরও ছুরিকাঘাত করে আহত করা হয়। আহতদের দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বীরগঞ্জ থানার ওসি মো. আব্দুল গফুর জানান, রাতেই অভিযান চালিয়ে পুলিশ অভিযুক্ত সামিয়েল মার্ডিকে আটক করেছে। মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।