খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২২ আগস্ট ২০২৫
হামাস যদি অস্ত্রসমর্পণ ও সব জিম্মিকে মুক্তি না দেয়, তবে গাজা সিটি ধ্বংস করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। শুক্রবার (২২ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লেখেন, ‘শিগগিরই হামাসের খুনিদের ওপর নরকের দরজা খুলে যাবে। তারা শর্ত না মানলে গাজা সিটির পরিণতি হবে রাফাহ ও বেইত হানুনের মতো।’
বৃহস্পতিবার রাতে ইসরায়েলি মন্ত্রিসভা গাজা সিটিতে ব্যাপক সামরিক অভিযানের পরিকল্পনা অনুমোদন করে। দেশ–বিদেশে তীব্র বিরোধিতা থাকা সত্ত্বেও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সেনাবাহিনীকে গাজা সিটি দখল ও হামাসকে পরাজিত করার প্রস্তুতি নিতে বলেছেন।
এর আগে কাতার ও মিসরের মধ্যস্থতায় ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাবে হামাস সম্মতি দিলেও নেতানিয়াহু তা প্রত্যাখ্যান করেন। তিনি স্পষ্ট করে বলেন, সব জিম্মি মুক্তি ও যুদ্ধের অবসান কেবল ইসরায়েলের শর্তেই সম্ভব।
ইসরায়েলি সেনাবাহিনী গাজা সিটির প্রায় ১০ লাখ বাসিন্দাকে দক্ষিণে সরে যেতে বলেছে। চিকিৎসা সংস্থাগুলো সতর্ক করেছে, এতে গাজার স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়বে। জাতিসংঘ বলছে, লাগাতার হামলায় অসংখ্য সাধারণ মানুষ নিহত হচ্ছে এবং মানবিক সংকট ভয়াবহ রূপ নিচ্ছে। খাদ্য নিরাপত্তা বিষয়ক বৈশ্বিক সংস্থা আইপিসি জানিয়েছে, গাজায় দুর্ভিক্ষের সবচেয়ে খারাপ পরিস্থিতি তৈরি হচ্ছে।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলায় ইসরায়েলে ১ হাজার ২০০ জন নিহত ও ২৫১ জন জিম্মি হন। এর জবাবে ইসরায়েলের অভিযানে গাজায় এখন পর্যন্ত অন্তত ৬২ হাজার ১৯২ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয়। এই পরিসংখ্যানকে জাতিসংঘও নির্ভরযোগ্য হিসেবে বিবেচনা করছে।
খবরওয়ালা/এন