হাসপাতালে নেয়ার পর সাজিদকে মৃত ঘোষনা করেন ডাক্তার

 

 

 

 

 

মানুষের অবহেলায় আরেকটি প্রাণহানি

রাজশাহীর তানোরে একটি অরক্ষিত গভীর নলকূপের গর্ত গ্রাস করল ছোট্ট শিশু সাজিদকে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত ৯টা ৪০ মিনিটে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের চিকিৎসকদের ভাষ্যমতে, রাত ৯টা ৩৫ মিনিটে উদ্ধারকর্মীরা যখন সাজিদকে হাসপাতালে নিয়ে আসেন, তখনই শিশুটি জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে।

এর আগে রাত ৯টার দিকে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের দীর্ঘ প্রচেষ্টায় তাকে ভূগর্ভস্থ সেই ভয়ংকর গর্ত থেকে উদ্ধার করা হয়। ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) লে. কর্নেল তাজুল ইসলাম চৌধুরী জানান, উদ্ধার অভিযানে আধুনিক যন্ত্রপাতি, ক্যামেরা, লাইফলাইনসহ বিভিন্ন সরঞ্জাম ব্যবহার করা হয়, কিন্তু শিশুটি জীবিত আছে—এ আশা শেষ পর্যন্ত পূরণ হয়নি।

কীভাবে ঘটলো দুর্ঘটনা?

বুধবার দুপুরে উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কোয়েলহাট গ্রামে নলকূপের এই পরিত্যক্ত গর্তে পড়ে যায় তিন বছরের শিশু সাজিদ। সে তার মা ও বড় ভাইয়ের সঙ্গে বাড়ির পাশের একটি খড় ঢাকা জমি পার হচ্ছিল। সাজিদের মা জানতেই পারেননি যে খড়ের নিচে লুকিয়ে আছে একটি গভীর, অরক্ষিত এবং দীর্ঘদিন পরিত্যক্ত নলকূপের মুখ। হাঁটার সময় আচমকাই সাজিদ নিচে তলিয়ে যায়। পেছন থেকে ‘মা মা’ বলে চিৎকার শুনে মা ফিরে তাকান, কিন্তু তখন আর তাকে চোখে দেখা যায় না। দ্রুত খড় সরাতেই বেরিয়ে আসে ভয়ংকর গভীর সেই মৃত্যুকূপ।

স্থানীয়দের ক্ষোভ: অবহেলায় মৃত্যু

স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, গত বছর এলাকার এক ব্যক্তি এখানে গভীর নলকূপ স্থাপনের চেষ্টা করেছিলেন। প্রায় ১২০ ফুট খনন করেও পানি না পাওয়ায় পাইপটি পরিত্যক্ত অবস্থায় রেখেই চলে যান তিনি। গর্তটি খোলা ছিল, কোনো সতর্কতা বা ঢাকনা ছিল না। বৃষ্টিতে মাটি ধসে মুখ আরও বড়ো হয় এবং একসময় তা পরিণত হয় মৃত্যুফাঁদে। স্থানীয়দের অভিযোগ—সংশ্লিষ্ট ব্যক্তি এবং স্থানীয় প্রশাসনের অবহেলার কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।