হাসপাতালে বিষপান করলেন জুলাই আন্দোলনে চোখ হারানো ৪ জন

গত জুলাই মাসে সরকারবিরোধী আন্দোলনে চোখ হারানো চার যুবক দীর্ঘদিন ধরে চিকিৎসা ও পুনর্বাসনের দাবি জানিয়ে আসছিলেন। তবে বারবার আশ্বাস মিললেও কার্যকর কোনো পদক্ষেপ না পাওয়ায় অবশেষে বিষপানের মতো চরম সিদ্ধান্ত নেন তারা। রবিবার (২৫ মে) রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে পরিচালকের কক্ষে চলমান এক বৈঠকের সময় তারা বিষপান করেন।

বিষপানকারীরা হলেন শিমুল, মারুফ, সাগর ও আখতার হোসেন (আবু তাহের)। পরে তাদের তাৎক্ষণিকভাবে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বর্তমানে তারা শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক।

হাসপাতাল সূত্রে জানা যায়, জুলাই ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) সঙ্গে চলমান বৈঠকের সময় ওই চারজন দাবি নিয়ে তার কক্ষে যান। সিইও তাদের অপেক্ষা করতে বললে ক্ষুব্ধ হয়ে সেখানেই বিষপান করেন তারা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাদের কাছে আগে থেকেই বিষ ছিল।

জুলাই গণ-আন্দোলনে চোখ হারানো আহতরা অভিযোগ করেছেন, দীর্ঘ ৯ মাসেও তাদের উন্নত চিকিৎসা বা পুনর্বাসনের বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। বরং প্রতিশ্রুতি দিয়ে নানা বাহানা করা হয়েছে। আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের দায়িত্ব নেওয়ার কথা বললেও তা বাস্তবে ঘটেনি।

আহতদের একজন বলেন, ‘এই সরকারের কাছ থেকে কিছু পেতে হলে আন্দোলনে নামতেই হয়। শান্তিপূর্ণভাবে কিছু চাওয়া যায় না। আমাদের চিকিৎসার জন্য কেউ এগিয়ে আসেনি।’

তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘শুধু সরকার নয়, রাজনৈতিক দলগুলোরও এই বিষয়ে ভূমিকা হতাশাজনক। বিএনপি, জামায়াত, এনসিপি কিংবা গণ অধিকার—সবাই শুধু নিজেদের স্বার্থ দেখছে, আমাদের নিয়ে কারো চিন্তা নেই।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. খায়ের আহমেদ চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘জুলাই আন্দোলনে আহত হয়ে ভর্তি থাকা ৪ জন আজ বিষপান করেছেন।

তবে তাৎক্ষণিকভাবে তাদের শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং বর্তমানে তারা সম্পূর্ণ সুস্থ আছেন।’

 

খবরওয়ালা/এন 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।