৩৫% শুল্ক নিয়ে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের আলোচনা অব্যাহত থাকবে

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফার বাণিজ্য আলোচনার তৃতীয় এবং শেষ দিনে উভয় দেশ বেশ কিছু বিষয়ে একমত হয়েছে, তবে কিছু গুরুত্বপূর্ণ বিষয় এখনো অমীমাংসিত রয়েছে। বিশেষ করে ৩৫% শুল্ক সম্পর্কিত বিষয়টি আলোচনার অন্যতম প্রধান অংশ ছিল এবং এ নিয়ে আলোচনা অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দু’দেশের প্রতিনিধিরা আবারও আলোচনায় বসবেন, যা ভার্চুয়ালি এবং সামনাসামনি উভয়ভাবেই হতে পারে। খুব শিগগিরই এ-সংক্রান্ত সময় এবং তারিখ নির্ধারণ করা হবে বলে আশা করা হচ্ছে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, বাণিজ্য সচিব এবং অতিরিক্ত সচিব শনিবার (১২ জুলাই) দেশে ফিরবেন। প্রয়োজন হলে তারা আবারও যুক্তরাষ্ট্র সফর করবেন। তিন দিনের আলোচনার ভিত্তিতে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান আশাবাদ ব্যক্ত করেছেন যে, নির্ধারিত সময়ের মধ্যে ইতিবাচক সমাধানে পৌঁছানো সম্ভব হবে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে গত ৯ জুলাই এই বাণিজ্য আলোচনা শুরু হয়েছিল এবং শুক্রবার (১১ জুলাই) দ্বিতীয় দফার আলোচনার মাধ্যমে এটি শেষ হয়। বাংলাদেশ পক্ষের নেতৃত্ব দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন। এ ছাড়া ভার্চুয়ালি আরও উপস্থিত ছিলেন সরকারের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা ও বিশেষজ্ঞরা।

এই তিন দিনের আলোচনা সমন্বয় করেছে ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস।

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।