৪৮ ঘণ্টার আল্টিমেটাম: দাবি না মানলে পলিটেকনিক শিক্ষার্থীদের ‘লং মার্চ টু ঢাকা’

ছয় দফা দাবি আগামী ৪৮ ঘণ্টার মধ্যে মেনে না নিলে ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন পলিটেকনিক ইনস্টিটিউটগুলোর শিক্ষার্থীদের সংগঠন ‘কারিগরি ছাত্র আন্দোলন’।

রবিবার (২০ এপ্রিল) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে আয়োজিত এক মহাসমাবেশ থেকে এ ঘোষণা দেন সংগঠনের প্রতিনিধি নিশান রহমান।

তিনি বলেন, ‘দাবিগুলো নিয়ে ৪৮ ঘণ্টার মধ্যে কোনও কার্যকর সমাধান না এলে আমরা ঢাকামুখী লংমার্চের ডাক দেব।’

সমাবেশে আরও একজন প্রতিনিধি বলেন, ‘আমরা আর কোনো মৌখিক আশ্বাসে বিশ্বাস করি না। এসি রুমে বসে আলোচনার সময় শেষ। এবার দাবি মানা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।’

এর আগে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে জড়ো হন। পরে বিক্ষোভ মিছিল নিয়ে আগারগাঁওয়ে মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে এসে তারা সমাবেশে অংশ নেন। এ সময় তারা ‘আমি কে তুমি কে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং’, ‘তেরোর হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার’, ‘দেশ গড়ার হাতিয়ার, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার’, ‘এক হও এক হও, পলিটেকনিক এক হও’—এই ধরনের বিভিন্ন স্লোগান দেন।

এর আগে শনিবার (১৯ এপ্রিল) ‘রাইজ ইন রেড’ শিরোনামে মানববন্ধন শেষে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে আয়োজিত সমাবেশ থেকে রবিবারের এই মহাসমাবেশের ঘোষণা দেওয়া হয়। শিক্ষার্থী জোবায়ের পাটোয়ারী সে সময় আন্দোলনের পক্ষ থেকে বক্তব্য রাখেন।

উল্লেখ্য, গত বুধবার (১৬ এপ্রিল) থেকেই শিক্ষার্থীরা তাদের ছয় দফা দাবি আদায়ে দেশব্যাপী সড়ক, মহাসড়ক ও রেলপথ অবরোধ করে আন্দোলনে নামেন। এরপর বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক হলেও শিক্ষার্থীরা তাৎক্ষণিকভাবে সন্তুষ্ট হননি। এর ধারাবাহিকতায় শুক্রবার (১৮ এপ্রিল) তারা দেশজুড়ে কাফনের কাপড় পরে ‘কাফন মিছিল’ কর্মসূচি পালন করেন।

শিক্ষার্থীদের ছয় দফা দাবি:

১. হাইকোর্টের রায় বাতিল করে ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতির সুযোগ নিশ্চিত করা

২. অনাকাঙ্ক্ষিত পদবি পরিবর্তন বাতিল ও মামলার সঙ্গে জড়িতদের চাকরিচ্যুত করা

৩. ২০২১ সালের নিয়োগ বাতিল করে সংশোধিত নিয়োগবিধি প্রণয়ন

৪. ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং কোর্সে বয়সসীমা নির্ধারণ ও মানসম্পন্ন কারিকুলাম চালু

৫. কোর্সটি পর্যায়ক্রমে পুরোপুরি ইংরেজি মাধ্যমে পরিচালনার উদ্যোগ

৬. চার বছর মেয়াদি ডিপ্লোমাধারীদের জন্য দশম গ্রেডে পদ সংরক্ষণ ও নিম্নপদে নিয়োগের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ

আন্দোলনকারীরা বলছেন, সময়মতো পদক্ষেপ না নেওয়া হলে তারা দেশের বৃহত্তর ছাত্র আন্দোলনে রূপ নেবেন।

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।