ঢাকার আশুলিয়ায় সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির এক ছাত্রীকে (১৬) অপহরণের ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। অপহরণের ঘটনায় সরাসরি সম্পৃক্ততা ও সহযোগিতার প্রমাণ পাওয়ায় আশুলিয়া থানা পুলিশ তাদের গ্রেফতার করে। বুধবার (১২ আগস্ট) দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
এর আগে মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার বিভিন্ন এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন এনসিপির ঢাকা জেলা উত্তরের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক তৌহিদুর ইসলাম সানবি এবং তার সহযোগী নাজিম। তবে অপহরণের ঘটনায় মূল অভিযুক্ত বখাটে যুবক শাকিল (২৩) এখনও পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
মামলার এজাহার থেকে জানা যায়, ভুক্তভোগী স্কুলছাত্রী প্রতিদিন নিয়মিতভাবে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে যাতায়াত করত। কিন্তু আশুলিয়ার মধুপুর এলাকার বাসিন্দা মো. হাবিবুর রহমানের ছেলে বখাটে শাকিল ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে স্কুলে আসা-যাওয়ার পথে তাকে উত্ত্যক্ত করে আসছিল। গত সোমবার সকাল ৮টার দিকে মেয়েটিকে স্কুলে পৌঁছে দেন তার মা আরিফা আক্তার। পরে দুপুর সোয়া ২টার দিকে মেয়েকে স্কুল থেকে নিয়ে আসার জন্য গিয়ে তিনি জানতে পারেন যে সোয়া ঘণ্টা আগে দুপুর ২টার দিকে স্কুল গেটের সামনে থেকেই শাকিল ও তার সঙ্গীরা কু-মতলবে মেয়েটিকে ফুঁসলিয়ে জোরপূর্বক অপহরণ করে নিয়ে গেছে।
মেমেয়েকে কোথাও না পেয়ে অপহৃত ছাত্রীর মা আরিফা আক্তার বাদী হয়ে মঙ্গলবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় বখাটে শাকিলকে প্রধান আসামি করা হয়। অভিযোগ পাওয়ার পরপরই অভিযানে নামে পুলিশ।
তদন্ত চলাকালীন পুলিশ জানতে পারে, ঘটনাটি কেবল শাকিলের একা করা কাজ ছিল না; এই অপহরণের পেছনে এনসিপি নেতা তৌহিদুর ইসলাম সানবি এবং নাজিমের সরাসরি মদদ ও সহযোগিতা ছিল। এরপরই আশুলিয়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ তাদের দুজনকে গ্রেফতার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, স্কুলছাত্রী অপহরণের ঘটনায় দায়ের করা মামলার তদন্তে এনসিপি নেতা সানবি ও তার সহযোগী নাজিমের সরাসরি সম্পৃক্ততার প্রমাণ মেলে। প্রাথমিক তদন্তে ঘটনাটিতে তাদের ইন্ধন ও সহযোগিতার বিষয়টি স্পষ্ট হওয়ায় তাদের গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। অপহৃত ছাত্রীকে উদ্ধার এবং প্রধান আসামি শাকিলসহ জড়িত অন্যদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্য