ডিপিএলে নাম লিখিয়েছেন সাকিব, তবে কী দেশে ফিরে খেলবেন!

খবরওয়ালা স্পোর্টস ডেস্ক: দেশের ঘরোয়া ক্রিকেটের অন্যতম প্রতিযোগিতা ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) শুরু হতে যাচ্ছে আগামী ৩ মার্চ। এর মধ্যে শোনা গেল দলবদলে লিজেন্ডস অব রূপগঞ্জে নাম লিখিয়েছেন সাকিব আল হাসান। এরপর থেকেই নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বাতাসে, তবে কি দেশে ফিরে খেলতে পারবেন সাকিব? অন্যদিকে ক্লাব কর্তৃপক্ষ আশা করছে সাকিব আগামী ডিপিএল খেলবে।

গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে এখন পর্যন্ত দেশেই ফিরতে পারেননি তিনি। এর বাইরে মাঠের ক্রিকেটে আছে বোলিং-নিষেধাজ্ঞাও। গত বছরের অক্টোবর-নভেম্বরে ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে চেয়েছিলেন তিনি। যে সিরিজ দিয়ে বিদায় জানাতে চেয়েছিলেন সাদা পোশাকের ক্রিকেটকে। তবে নিরাপত্তা ঝুঁকিতে সে সুযোগ মেলেনি তার। ভারতের বিপক্ষে কানপুর টেস্টের পর অবশ্য বিদেশের মাটিতেও জাতীয় দলের হয়ে আর খেলা হয়নি তার। আফগানিস্তান সিরিজের পর তাকে ডাকা হয়নি ওয়েস্ট ইন্ডিজ সফরের দলেও।

এরপর বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চিটাগং কিংসের হয়ে খেলার কথা থাকলেও শেষ পর্যন্ত দেশে আসা হয়নি তার। এর মধ্যে আবার রাজনৈতিক প্রেক্ষাপটে অনেকগুলো মামলায় অভিযুক্ত করা হয় তাকে। জারি করা গ্রেপ্তারি পরোয়ানাও।

অন্যদিকে পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে তার অধিভুক্তি নিয়ে কথা উঠলেও বিবেচনার বাইরে চলে যান বোলিং অ্যাকশনে নিষিদ্ধ হয়ে। ইংল্যান্ডে কাউন্টি খেলতে গিয়ে সন্দেহের তালিকায় পড়া সাকিব দুবার পরীক্ষা দিয়েও উৎরাতে পারেননি। শুধু ব্যাটার হিসেবে বিবেচিত হওয়ায় তাকে আর চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে রাখেনি বিসিবির নির্বাচকরা। ৩৭ বছর বয়সী সাকিব আর কখনো দেশের হয়ে নামতে পারবেন কি না সে সংশয়ও রয়ে গেছে। 

তবে এতকিছুর পরও শনিবার (২২ ফেব্রুয়ারি) ডিপিএলের দলবদলে লিজেন্ডস অব রূপগঞ্জে নাম লিখিয়েছেন সাকিব। শেষ পর্যন্ত তিনি দেশে এসে আসরটিতে খেলতে পারেন কি না, সেটাই এখন দেখার পালা।

এদিকে লিজেন্ডস অব রূপগঞ্জ ক্লাবের মালিক লুৎফুর রহমান বাদল গণমাধ্যমকে বলেছেন, ‘আমরা ক্রিকেটার সাকিবকে দলে নিয়েছি, রাজনীতিবিদ সাকিবকে নয়। সে বাংলাদেশ ক্রিকেটের এক নম্বর ব্র্যান্ড, আমরা এ জন্য তাকে নিয়েছি।’

দলে নিলেও শেষ পর্যন্ত তাকে খেলাতে পারবেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘খেলোয়াড় সাকিবের জন্য আমরা একশ ভাগ করব যদি কিছু করার থাকে। আমরা আশাবাদী তাকে প্রিমিয়ার লিগে পাওয়া যাবে।’

 

খবরওয়ালা/আরডি
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।