খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫
খবরওয়ালা অনলাইন ডেস্ক: চুয়াডাঙ্গার দামুড়হুদায় উপজেলার হরিশচন্দ্রপুর-সড়াবাড়িয়া সড়কে স্বামীকে এলোপাতাড়ি কুপিয়ে স্ত্রীর গহনা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।তবে ছিনতাইকারীরা ওই দম্পতির সাথে থাকা মটরসাইকেলটি নিয়ে পালাতে পারেনি। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মোটরসাইকেলটি জব্দ করে থানা হেফাজতে নিয়েছে।
রবিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। আহত সাগর একই উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের বাসিন্দা।
এদিকে ফেলে যাওয়া মোটরসাইকেলের সূত্র ধরে অভিযুক্তদের শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়ে দর্শনা থানার (ওসি) মুহম্মদ শহীদ তিতুমীর সংবাদমাধ্যমে বলেন, ছিনতাইয়ের চেষ্টা করা হলেও তাদের থেকে কিছুই নিতে পারেনি ছিনতাইকারীরা।
স্থানীয় ইউপি সদস্য আশরাফুল ইসলাম ঘটনার বিষয়ে বলেন, ছিনতাইয়ের সময় ধস্তাধস্তি ও চেঁচামেচির কারণে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে অবস্থা বেগতিক দেখে মোটরসাইকেল ফেলেই পালিয়ে যায় ছিনতাইকারীরা।
সাগরের চাচা জাহাঙ্গীর বলেন, এক জোড়া স্বর্ণের বালা, কানের দুল, গলাই চেইন ও নাকফুল ছিনিয়ে নিয়েছে। পুলিশের দাবি কিছুই নিতে পারেনি জানালে তিনি বলেন, পুলিশের সঙ্গে সাগরের স্ত্রীর দেখা হয়নি। দেখা হলে সে নিজেই জানাবে।
খবরওয়ালা/এফএস