ভোলার মনপুরায় বিস্কুটের প্রলোভন দেখিয়ে ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। মর্মান্তিক এই ঘটনায় শিশুটির মা বাদী হয়ে মনপুরা থানায় একটি মামলা দায়ের করার পর অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্র এবং মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২৭ আগস্ট (বৃহস্পতিবার) দুপুর সাড়ে ১২টার দিকে ঘটনাটি ঘটে। অভিযুক্ত ১৫ বছর ৮ মাস বয়সী কিশোর শাকিল আলম বিস্কুট কিনে দেওয়ার কথা বলে শিশুটিকে নিজের বাড়িতে ডেকে নিয়ে যায়। এরপর বসতঘরের দরজা বন্ধ করে শিশুটির ওপর পাশবিক নির্যাতন চালানো হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে। নির্যাতনের একপর্যায়ে শিশুটি আর্তচিৎকার শুরু করলে তার মা ঘটনাস্থলে ছুটে যান এবং মেঝতে শিশুটিকে মুমূর্ষু ও রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন।
ঘটনার পরপরই ভুক্তভোগী শিশুটির মা চিৎকার শুরু করলে প্রতিবেশীরা সেখানে জড়ো হন। স্থানীয় কতিপয় মাতব্বর বিষযটি থানায় না জানিয়ে স্থানীয়ভাবে সালিসের মাধ্যমে মীমাংসার আশ্বাস দেন। এ কারণে তাৎক্ষণিকভাবে আইনি পদক্ষেপ নেওয়া সম্ভব হয়নি। তবে ঘটনার পর তিন দিন পার হয়ে গেলেও প্রভাবশালীদের গড়া সেই সালিস থেকে কোনো সুরাহা মেলেনি। পরবর্তীতে নিরুপায় হয়ে ভুক্তভোগী শিশুর মা মনপুরা থানায় উপস্থিত হয়ে শাকিল আলমকে একমাত্র আসামি করে মামলা দায়ের করেন।
মামলা নথিভুক্ত হওয়ার পর মনপুরা থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত কিশোর শাকিল আলমকে গ্রেফতার করে। সে মনপুরা উপজেলার ওই নির্দিষ্ট ইউনিয়নের বাসিন্দা খোকন মিয়ার ছেলে।
মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার প্রেক্ষিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা নেওয়া হয়েছে। গ্রেফতারকৃত কিশোর শাকিল আলমের বয়স ১৮ বছরের নিচে হওয়ায় তাকে বরিশাল শিশু আদালতে পাঠানো হয়েছে। একই সাথে শারীরিক পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসার জন্য ভুক্তভোগী শিশুকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। আইন অনুযায়ী অপরাধিকে উপযুক্ত শাস্তির আওতায় আনতে পুলিশ তৎপর রয়েছে।



