সুদের হার বৃদ্ধির আশঙ্কায় বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

যুক্তরাষ্ট্রের শক্তিশালী কর্মসংস্থান প্রতিবেদনের পর দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়াতে পারে—এমন প্রত্যাশা জোরালো হওয়ায় বিশ্ববাজারে স্বর্ণের দাম কিছুটা কমেছে। একই সাথে সুদের হার ও মুদ্রানীতির পরবর্তী গতিপথ স্পষ্ট হতে বিনিয়োগকারীরা আসন্ন মূল্যস্ফীতি সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদনের অপেক্ষায় প্রহর গুনছেন।
সোমবার (৭ সেপ্টেম্বর) আন্তর্জাতিক বাজারে লেনদেনের একপর্যায়ে স্পট গোল্ডের দাম ০.২ শতাংশ কমে প্রতি আউন্স ৪,৪২১.০৪ ডলারে নেমে আসে। একই ধারায় ডিসেম্বর সরবরাহের জন্য মার্কিন গোল্ড ফিউচারের দামও ০.২ শতাংশ হ্রাস পেয়ে দাঁড়ায় ৪,৪৬৬.৯০ ডলারে। যুক্তরাষ্ট্রে সরকারি ছুটির কারণে এদিন বাজারে সার্বিক লেনদেনের পরিমাণ ছিল কিছুটা কম।
স্যাক্সো ব্যাংকের পণ্যবিষয়ক কৌশল বিভাগের প্রধান ওলে হ্যানসেন জানান, কর্মসংস্থানের ইতিবাচক তথ্য প্রকাশের পর মার্কিন ট্রেজারি বন্ডের সুদহার বেড়েছে। আগামী ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য বৈঠকে ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়াতে পারে—এমন ধারণাই এখন জোর পাচ্ছে। ফলে জ্বালানি পণ্যের বিপরীত পথে হেঁটে স্বর্ণ ও রুপার বাজার কিছুটা দরপতনের মুখে পড়েছে।
হ্যানসেন উল্লেখ করেন, লেনদেনের একপর্যায়ে প্রতি আউন্স ৪, ৪০০ ডলারের নিচে নেমে যাওয়ার পর বাজারে ক্রেতাদের উল্লেখযোগ্য উপস্থিতি দেখা গেছে। কৌশলগত বিশ্লেষকদের মতে, প্রতি আউন্সে ৪,৩২০ ডলার স্তরটি স্বর্ণের জন্য একটি শক্তিশালী সাপোর্ট বা ভিত্তি হিসেবে কাজ করছে। অন্যদিকে ৪,৫০০ ডলার অতিক্রম করলে দরপতনের বা বিক্রির চাপ বাড়ার সম্ভাবনা রয়েছে।
সম্প্রতি প্রকাশিত আগস্টের তথ্যে দেখা গেছে, যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান সৃষ্টির গতি আশাব্যঞ্জকভাবে বেড়েছে এবং বেকারত্বের হার ৪.১ শতাংশেই অপরিবর্তিত রয়েছে। সিএমই ফেডওয়াচ টুলের হিসাব অনুযায়ী, ফেডের আগামী নীতিনির্ধারণী বৈঠকে সুদের হার বাড়ার সম্ভাবনা ৫৮ শতাংশে পৌঁছেছে, যা কর্মসংস্থানের তথ্য আসার আগে ছিল ৫০ শতাংশ।
বিনিয়োগকারীদের দৃষ্টি এখন বৃহস্পতিবারের প্রডিউসার প্রাইস ইনডেক্স (পিপিআই) এবং শুক্রবারের কনজিউমার প্রাইস ইনডেক্স (সিপিআই) বা ভোক্তা মূল্যসূচকের প্রতিবেদনের দিকে। এই দুই তথ্য ফেডের সুদের হারের চূড়ান্ত সিদ্ধান্তে বড় প্রভাব ফেলবে। সাধারণত স্বর্ণকে মূল্যস্ফীতির বিরুদ্ধে নিরাপদ বিনিয়োগ গণ্য করা হলেও সুদের হার বাড়লে সুদহীন এই সম্পদে বিনিয়োগের আকর্ষণ সাময়িকভাবে কমে যায়।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সুদের হার কমানোর পক্ষে তাঁর দীর্ঘদিনের দাবির পুনরাবৃত্তি করে সতর্ক করেছেন, ফেড সুদের হার না কমালে যেসব দেশের সাথে মার্কিন বাণিজ্য ঘাটতি রয়েছে তাদের বিরুদ্ধে কড়া বাণিজ্য পদক্ষেপ নেওয়া হতে পারে। মধ্যপ্রাচ্যে জাহাজ চলাচলকে কেন্দ্র করে পাল্টাপাল্টি হামলা এবং হরমুজ প্রণালির কাছে ইরানের নতুন নৌপথের ঘোষণার জেরে তেলের বাজার গরম হওয়ায় বৈশ্বিক মূল্যস্ফীতি নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে।
অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে রুপার দাম ০.২ শতাংশ কমে প্রতি আউন্স ৬৬.০৬ ডলারে নেমেছে। তবে দরবৃদ্ধির ধারায় থেকে প্লাটিনাম ০.৩ শতাংশ বেড়ে ১,৮২৫.২১ ডলার এবং প্যালাডিয়াম ১.১ শতাংশ বেড়ে ১,৪০১.৮৪ ডলারে কেনাবেচা হচ্ছে।
Tags :

সৌরভ বিশ্বাস | উপ-সম্পাদক | খবরওয়ালা বাংলা

https://bn.khaborwala.com/

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।