মিঠামইনে আওয়ামী লীগের সাবেক সভাপতি ও ৪ বারের ইউনিয়ন চেয়ারম্যানকে গ্রেপ্তার

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং ঘাগড়া ইউনিয়ন পরিষদের চারবারের সাবেক চেয়ারম্যান আলহাজ বোরহান উদ্দিন চৌধুরী বুলবুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে কিশোরগঞ্জ জেলা শহরের মডেল থানার সামনের এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে কিশোরগঞ্জ আদালত প্রাঙ্গণ থেকে একটি রিকশাযোগে শহরের পুরানথানা এলাকার দিকে যাচ্ছিলেন বোরহান উদ্দিন চৌধুরী বুলবুল। রিকশাটি মডেল থানার সামনে পৌঁছালে ইমিগ্রেশন ও থানা-পুলিশের চৌকস দল তাঁর গতিপথ রোধ করে এবং তাৎক্ষণিকভাবে আটক করে থানায় নিয়ে যায়। পরবর্তীতে সাম্প্রতিক সময়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর সশস্ত্র হামলা ও সহিংসতার ঘটনায় দায়ের হওয়া দুটি পৃথক মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।

বোরহান উদ্দিন চৌধুরী বুলবুলের গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর মিঠামইনসহ সমগ্র কিশোরগঞ্জের রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন ও আলোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয় রাজনৈতিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে হাওরাঞ্চলের রাজনীতিতে অতি পরিচিত মুখ হলেও আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে দলের নিজস্ব কোন্দলের কারণে তিনি বেশ ‘বঞ্চিত’ ও কোণঠাসা অবস্থায় ছিলেন। সবশেষ অনুষ্ঠিত মিঠামইন উপজেলা পরিষদ নির্বাচনে তিনি সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের ছোট বোন আছিয়া আলমের বিরুদ্ধে সতন্ত্র প্রার্থী হয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং প্রতিদ্বন্দীতাপূর্ণ ওই নির্বাচনে খুব অল্প ভোটের ব্যবধানে পরাজিত হন।

তাঁর গ্রেপ্তারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর অনুসারী ও সমর্থকদের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। স্থানীয় সমর্থকদের একাংশের দাবি, ঘাগড়া ইউনিয়নে দীর্ঘদিনের রাজনৈতিক আধিপত্য বিস্তার ও স্থানীয় অভ্যন্তরীণ বিরোধের জের ধরে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁকে এসব সহিংস মামলায় ‘ফাঁসানো’ হয়েছে।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও সহিংসতা চালানোর অভিযোগে বোরহান উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে কিশোরগঞ্জ মডেল থানায় সুনির্দিষ্ট দুটি মামলা রয়েছে। প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষ করে নির্ধারিত সময়েই আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

Tags :

সৌরভ বিশ্বাস | উপ-সম্পাদক | খবরওয়ালা বাংলা

https://bn.khaborwala.com/

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।