সিরাজগঞ্জে ভোরের দিকে যুবলীগের নেতা-কর্মীদের একটি ঝটিকা মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ভোরে কয়েক মিনিটের জন্য মিছিলটি বের করা হয় বলে স্থানীয় সূত্র জানিয়েছে। পরে বেলা ১১টার দিকে মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, ভোরে প্রায় ৫০ থেকে ৬০ জন লোক হাইস গাড়ি ও মোটরসাইকেল নিয়ে হঠাৎ করে মহাসড়কে মিছিল বের করেন। মিছিল থেকে তারা ‘জয় বাংলা’সহ সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেন। অল্প সময়ের মধ্যেই মিছিলটি শেষ করে অংশগ্রহণকারীরা দ্রুত সেখান থেকে চলে যান।
তবে মিছিলটি ঠিক কোথায় হয়েছে, তা নিয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে মিছিলের দৃশ্য দেখা গেলেও ভিডিওটির স্থান সম্পর্কে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত কোনো তথ্য দেওয়া হয়নি।
এ বিষয়ে যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলামের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ছুটিতে থাকায় ফোনটি রিসিভ করেন থানার উপপরিদর্শক (এসআই) প্রণয় কুমার প্রামাণিক। তিনি বলেন, ঝটিকা মিছিলের ভিডিও তিনি দেখেছেন। তবে মিছিলটি যমুনা সেতু পশ্চিম থানার আওতাধীন মহাসড়কে হয়নি বলে জানান তিনি।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, ভিডিওতে মিছিলের উপস্থিতি দেখা গেলেও ঘটনাস্থলটি তার থানা এলাকার মহাসড়ক কি না, সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
এদিকে, বিষয়টি নিয়ে রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনিও মিছিলের স্থান সম্পর্কে নিশ্চিত হতে পারেননি। তিনি বলেন, মিছিলটি কোন স্থানে হয়েছে, তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। তবে বিষয়টি পুলিশ খতিয়ে দেখার চেষ্টা করছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওকে কেন্দ্র করে স্থানীয়ভাবে ঘটনাটি নিয়ে আলোচনা তৈরি হয়েছে। পুলিশের পক্ষ থেকে মিছিলের সুনির্দিষ্ট স্থান ও এতে কারা অংশ নিয়েছিলেন, সে বিষয়ে তদন্ত বা যাচাই শেষে বিস্তারিত তথ্য পাওয়া যেতে পারে। বর্তমানে পুলিশ ঘটনাটির স্থান শনাক্ত করার চেষ্টা করছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।


